মাহমুদুল হাসান, যশোর সদর প্রতিনিধি :
দীর্ঘ ৫০ বছর পর যশোর সদর উপজেলার লেবুতলা ইউনিয়নের ফুলবাড়ি-তৈলকুপ পর্যন্ত সাড়ে ছয় কিলোমিটার রাস্তার উন্নয়ন কাজ শুরু হতে যাচ্ছে। এতে আজমতপুর, গোবরা,
এনায়েতপুর, ভবানীপুর, শর্শনাদাহ, লেবুতলা, বীরনারায়নপুরসহ প্রায় ২০ গ্রামের মানুষের যোগাযোগে নতুন দ্বার উন্মোচিত হবে। যশোর শহরের সাথে প্রায় দশ কিলোমিটার রাস্তার ব্যবধান কমে আসবে। এ অঞ্চলের বাসিন্দাদের চিকিৎসাসেবা, কৃষিপণ্য পরিবহন, নিরাপত্তাসহ আর্থ-সামাজিক উন্নয়ন এবং যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন সাধিত হবে।
শনিবার বিকেলে লেবুতলা ইউনিয়ন পরিষদ অডিটোরিয়ামে রাস্তাটির নির্মাণ কাজের উদ্বোধনী পরির্দশন অনুষ্ঠিত হয়েছে। মাস্টার বাহাউদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর যশোরের নির্বাহী প্রকৌশলী এ কে এম আনিসুজ্জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনিম লিংকন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল, লেবুতলা ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আলিমুজ্জামান মিলন।