নীলফামারী প্রতিনিধি :
নীলফামারীর ডোমারে অটোরিকশাসহ নিখোঁজের ৭ দিন পর মো. আরিফ হোসেন (১৪) নামে এক কিশোরের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৬ আগস্ট) বিকেল সাড়ে ৫ টার দিকে উপজেলার সদর ইউনিয়নে মাঝাপাড়া এলাকার ধান ক্ষেতের পাশ থেকে লাশ উদ্ধার করা হয়।
আরিফ ডোমার পৌরসভার কাজিপাড়া এলাকার মো. আনোয়ার হোসেনের ছেলে। সে গত ১৯ আগস্ট শুক্রবার বিকেলে তার বাবার অটোরিকশা নিয়ে বের হয়ে আর বাড়ি ফেরত আসে নাই। গত ২০ আগস্ট শনিবার তার বোন ঝরনা আক্তার সাধারণ ডায়েরি করেন।
পুলিশ জানায়, আজ সকাল সাড়ে ১০ টার দিকে এলাকাবাসী খবর দিলে সেখানে পুলিশ যায়। ওই সেচপাম্প ঘরটি হতে অনেক দুর্গন্ধ বের হচ্ছিল। দরজা খুলে দেখা যায়, মরিচের শুকনো গাছ দিয়ে সম্পূর্ণ শরীর ঢাকা একটি লাশ পড়ে আছে।
শুধু দু’টি পা বের হয়ে আছে। পুলিশ, ডিবি, সিআইডি যৌথভাবে লাশের সুরতহাল করে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাশ জেলা মর্গে পাঠানো হয়েছে।
অর্ধগলিত লাশটি চেনার উপায় না থাকায়, সেখানে পড়ে থাকা স্যান্ডেল ও ঘড়ি দেখে গত ২৯ তারিখ অটোসহ নিখোঁজ হওয়া কিশোর আরিফের বোন ঝরনা আক্তার প্রাথমিকভাবে শনাক্ত করে।
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদ উন নবী জানান, প্রাথমিকভাবে স্যান্ডেল ও ঘড়ি দেখে ঝরনা আক্তার নামে এক নারী তার নিখোঁজ ভাই বলে প্রাথমিকভাবে শনাক্ত করেছে। ময়ন্ততদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।