নিজস্ব প্রতিবেদক :
সাভারে জমি নিয়ে বিরোধের জেরে দলিল লেখককে মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে মাথা ফাটিয়েছে প্রতিপক্ষরা। আহত দলিল লেখক চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। এ ব্যাপারে থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীর স্ত্রী।

অভিযোগনামা থেকে জানা যায়, এর আগে রবিবার(২৯ আগস্ট) বিকালে দলিল লেখক মোঃ সোহরাব হোসেনের বাড়িতে অনধিকার প্রবেশ করে গালিগালাজ শুরু করে অভিযুক্তরা। গালিগালাজ করতে নিষেধ করলে হাঁতুড়ি দিয়ে তার মাথায় আঘাত করা হয়। আঘাতের চোটে মাটিতে পড়ে গেলে তাকে কিল ঘুষি লাথি মেরে মারাত্মক ভাবে আহত করা হয়। এরপরে ভুক্তভোগীদের ডাক চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে অভিযুক্তরা হত্যার হুমকি দিয়ে পালিয়ে যায়।
সোমবার সকালে সাভার উপজেলা স্বাস্থ্য কম্পলেক্সে গিয়ে দেখা যায় পুরুষ ওয়ার্ডের ১৩ নং বেডে চিকিৎসাধীন অবস্থায় ভর্তি রয়েছেন দলিল লেখক সোহরাব।
তিনি বলেন, ওই এলাকায় জমি কিনে বাড়ি করে বসবাস করছি আমরা। আমি সকালে রেজিস্ট্রি অফিসে কাজে গেলে আমার বাড়ির সীমানা প্রাচীর ভেঙ্গে ফেলে তারা। আমি কাজ থেকে ফিরে সীমানা প্রাচীর ভাঙ্গার কারণ জিজ্ঞেস করলে তারা বলে ঐটা ভাঙ্গাই থাকবে, তুমি যা পারো কর। এরপরে গেট থেকে বের হওয়ার সাথে সাথেই আমার মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে তারা। আগে থেকেই হাতুড়ি নিয়ে প্রস্তুত ছিল তারা। ওইখানে আমার জায়গা আছে সাড়ে ৭ শতাংশ। তারা ২ শতাংশ জমি পেলেও তারা জোর করে দখল করেছে ৪ শতাংশের বেশি। তারা সরকার দলীয় বিভিন্ন নেতার নাম ভাঙিয়ে এই জমি দখল করতে চায়। জমি দখলের পায়তারা শুরু করলে গত দেড় থেকে দুই মাস আগে সাভার মডেল থানায় আমি সাধারণ ডায়েরি করে রেখেছি। এছাড়া এর আগে স্থানীয়ভাবে সাভার পৌর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক জাহিদ হোসেন উপস্থিত থেকে আমাদের মাঝে মীমাংসা করা হয়। সেই মীমাংসার ভিত্তিতেই আমি সীমানা প্রাচীর নির্মাণ করেছি। কিন্তু তার কিছুদিন পরেই তারা আবার বলে আমার জায়গায় তাদের জমি আছে।

এঘটনায় অভিযুক্তরা হলেন, মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করা সাভারের রাজাশন এলাকার মালেক ফকিরের ছেলে শওকত ফকির(৩৮), মৃত টমাস কস্তার ছেলে মোঃ শরিফুল ইসলাম ওরফে সোহেল(৩২) ও তার মা সাথী আক্তার(৫০), সাভারের দেওগাঁ এলাকার মৃত শামছু মিস্ত্রীর ছেলে মোঃ শিমু হোসেন(২৮) ও অজ্ঞাত ২/৩ জন।
শরিফুল ইসলাম সোহেলের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এ ঘটনার অল্প কিছুদিন আগেই মাদক মামলায় জামিনে জেল থেকে ছাড়া পেয়েছেন তিনি।
এ অভিযোগের তদন্ত কর্মকর্তা সাভার মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক(এসআই) নুরুল কাদির সৈকত বলেন, আমি আজকে পরিদর্শন করতে গিয়েছিলাম। তাদের অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণ করার প্রস্তুতি চলছে।