আজ ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ৭ই মার্চ, ২০২৬ ইং

চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে নির্যাতন, প্রতিবাদে মানববন্ধন

সুনামগঞ্জ প্রতিনিধিঃ

চাঁদা না দেওয়ায় দেলোয়ার হোসেন নামে এক ব্যবসায়ীকে আটকে রেখে মারধর করার অভিযোগ পাওয়া গেছে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আফতাব উদ্দিন এর বিরুদ্ধে। ভুক্তভোগী দেলোয়ার হোসেন (৪২) ডাচ্ বাংলা এজেন্ট ব্যাংক বাদাঘাট শাখার স্বত্বাধিকারী।

এ ঘটনায় সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে  মানববন্ধন করেছে এলাকাবাসী ও বাদাঘাট বাজারের ব্যবসায়ীরা। শুক্রবার বিকেলে বাদাঘাট বাজারের মেইন রোডে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার রাত আটটার দিকে উপজেলার বাদাঘাট ইউনিয়নের বাদাঘাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী দেলোয়ার হোসেন বাদী হয়ে আফতাব উদ্দিন-সহ তিনজনকে আসামি করে তাহিরপুর থানায় মামলা দায়ের করেছেন।

মামলার আসামিরা হলেন, তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যন ও বাদাঘাট ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম-আহ্বায়ক আফতাব উদ্দিন (৪০), একই ইউনিয়নের সোনাপুর গ্রামের কালা মিয়ার ছেলে মিলন মিয়া (৩০) ও নুরপুর গ্রামের সুজাফর মিয়ার ছেলে লিটন মিয়া (৩৪)।

মানববন্ধনে বক্তারা বলেন, ব্যবসায়ীরা কারো অন্যায় নির্যাতনের শিকার হবেন সেই দিন শেষ। এ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ন্যায় বিচার না হলে বাদাঘাট বাজার ব্যবসায়ীরা ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক দিবেন। এসময় বক্তারা এ ঘটনার দ্রুত বিচার নিশ্চিতের দাবিতে স্থানীয় সংসদ সদস্য কামরুজ্জামান কামরুলের দৃষ্টি আকর্ষণ করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন, বাদাঘাট বাজার বণিক সমিতির সভাপতি নজরুল ইসলাম শিকদার, সমাজকর্মী ও লেখক আবুল হোসেন, তাহিরপুর উপজেলা ছাত্রদলের সাবেক ছাত্র-বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, বড়ছড়া কয়লা আমদানিকারক সমিতির সাধারণ সম্পাদক সবুজ আলম, বণিক সমিতির সাধারণ সম্পাদক হারুন অর রশীদ, সুনামগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ-সহ বাজারের শতাধিক ব্যবসায়ী।

এ বিষয়ে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন, আসামিদের গ্রেপ্তার করতে মাঠে কাজ করছে পুলিশ।

মামলা সূত্রে জানা যায়, ঘটনার দিন ব্যবসায়ী দেলোয়ার বাড়ি থেকে বাদাঘাট বাজারে আসার পথে অভিযুক্তরা তাঁর পথরোধ করে বিশ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদার টাকা দিতে অপারগতা জানালে দেলোয়ারকে জোরপূর্বক বাদাঘাট বাজারে থাকা আফতাব উদ্দিনের বিল্ডিং এ তুলে নেওয়া হয়। পরে সেখানে নিয়ে তাঁকে মারধর ও নির্যাতন করা হয়। ঘটনার খবর পেয়ে বাদাঘাট বাজার বণিক সমিতির সভাপতি নজরুল শিকদার ও বড়দল উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুক মিয়া আফতাবের বিল্ডিং এর দু’তলা থেকে দেলোয়ারকে উদ্ধার করেন। পরে তাকে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। শুক্রবার সকালে ভুক্তভোগী দেলোয়ারকে উন্নত চিকিৎসার জন্য সিলেটে প্রেরণ করা হয়। বর্তমানে তিনি সিলেটের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ##

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ