আজ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৬ ইং

গঙ্গাচড়ায় হত্যা মামলার আসামির বিষপানে আত্মহত্যা

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধিঃ
রংপুরের গঙ্গাচড়ায় বুড়িরহাট কৃষি গবেষণা কেন্দ্রের পরিত্যক্ত একটি ভবন থেকে রাহেলা বেগমের মরদেহ উদ্ধারের ঘটনায় করা হত্যা মামলার আসামি সাইদুল ইসলাম ওরফে সহিদুল ইসলাম (৪২) বিষপানে আত্মহত্যা করেছেন।
বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।মৃত সহিদুল ইসলাম ওই উপজেলার নীলকচন্ডি গ্রামের মৃত মহুবর রহমানের ছেলে। তিনি বুধবার বিকেলে বাড়ির পাশে বিষপান করেন।
এ বিষয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল-এ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন জানান, ঘটনার পর আসামি সহিদুল ইসলাম আত্মগোপনে ছিলেন। পুলিশ তাকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রাখে। এরই মাঝে বুধবার বিকেলে বাড়ির পাশে বিষপান করেন সহিদুল। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার বিকেলে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় প্রাথমিকভাবে একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, নিখোঁজের পাঁচদিন পর ২০ ফেব্রুয়ারি (রোববার) দুপুরে রংপুরের গঙ্গাচড়া উপজেলার বুড়িরহাট কৃষি গবেষণা কেন্দ্রের পরিত্যক্ত একটি ভবন থেকে রাহেলা বেগমের মরদেহ উদ্ধার করে পুলিশ। মৃত রাহেলা গঙ্গাচড়া কৃষি গবেষণা কেন্দ্রের পাশেই চ্যাংমারী এলাকার আবাসনে বসবাস করতেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ