গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধিঃ
রংপুরের গঙ্গাচড়ায় সড়ক দুর্ঘটনায় এক নারীর ঘটনাস্থলে মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার সকাল ১০ টার দিকে উপজেলার বড়াইবাড়ি সড়কে পেট্রল পাম্প সংলগ্ন লাল মিয়া খলিফার বাড়ির সামনে। এ ঘটনায় মৃত নারীর ৪ মাসের শিশু সন্তানকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শি সূত্রে জানা যায়, আলমবিদিতর ইউনিয়নের পাইকান হাজীপাড়ার মাহমুদ শাহ রফিক (৩০) তার স্ত্রী বীথি মনি (২৪) ও ৪ মাসের শিশু ছেলে মনজিলকে নিয়ে মোটরসাইকেল যোগে বাঘেরহাট এলাকায় শশুর বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলো।
বড়াইবাড়ি বাজার হয়ে পেট্রল পাম্প সংলগ্ন লাল মিয়া খলিফার বাড়ির কাছে এলে বড়বিল মন্থনা বাজার হতে ধান নিয়ে ঢাকা মেট্রো-ট-১৩-৬৩০৬ ট্রাকটি বড়াইবাড়ি বাজার দিকে যাওয়ার সময় ঘটনাস্থলে ট্রাকের পাশ দিয়ে ক্রস করার সময়।
ট্রাকের ঢালা মোটরসাইকেল আরোহী নারী বীথির মাথায় ধাক্কা লেগে ট্রাকের নিচে পেছনের চাকার সামনে রেখে পড়ে গেলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
শিশুটি অপর পাশে ছিটকে পড়লে আশঙ্কাজনক অবস্থায় দ্রুত তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। মোটরসাইকেল চালক রফিক সামান্য আহত হয়।
এদিকে দুর্ঘটনার সাথে সাথেই সবার চোখ ফাঁকি ট্রাক চালক ও হেলপার পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাকটি আটক করে থানায় নিয়ে আসে।
গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ দুলাল হোসেন জানান, ঘটনাস্থল পরিদর্শন করে ঘাতক ট্রাকটি আটক এবং নিহতের সুরাতহাল রির্পোট তৈরি করা হয়। পরিবারের আপত্তির কারনে লাশ স্বজনদের কাছে দেওয়া হয়েছে। এছাড়া থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।