আরিফুল ইসলাম জয়
কুড়িগ্রাম ভূরুঙ্গামারী প্রতিনিধি :
ভূরুঙ্গামারীতে ভূমিহীন ও গৃহহীনদের জন্য গৃহ নির্মাণ কার্যক্রমের উদ্বোধন
মুজিব শতবর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীনদের গৃহ প্রদানের লক্ষ্যে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ঘর নির্মাণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। ৫ নভেম্বর ২০২০ বৃহস্পতিবার বিকেলে উপজেলার জয়মনিরহাট ইউনিয়নে ঘর নির্মাণ কার্যক্রমের উদ্বোধন করেন কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম। উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ভূরুঙ্গামারী উপজেলায় ২০০টি ঘর নির্মাণ করা হবে। প্রতিটি ঘর নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১ লাখ ৭১ হাজার টাকা। উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস প্রকল্পটি বাস্তবায়ন করবে।
উদ্বোধন কালে উপজেলা পরিষদ চেয়ারম্যান নূরুন্নবী চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার দীপক কুমার দেব শর্মা, সহকারি কর্মকর্তা ভূমি জাহাঙ্গীর আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান জালাল উদ্দীন মন্ডল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুর আলম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি শাহজাহান সিরাজ ও জয়মনিরহাট সদ্য ইউপি চেয়ারম্যান সাখাওয়াৎ হোসেন সানোয়ার প্রমুখ উপস্থিত ছিলেন।উপকারভোগী সম্পা খাতুন তার অভিব্যক্তি প্রকাশ করে জানান, ঘর পেয়ে তিনি খুব খুশি। তিনি প্রধানমন্ত্রী সহ সকলের জন্য দোয়া করেন।কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম জানান, কুড়িগ্রাম জেলার জন্য মোট ১৫৩৯ টি ঘর বরাদ্দ পাওয়া গিয়েছে। জেলার ৯ টি উপজেলায় এই কার্যক্রম চলমান রয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক প্রকল্প বাস্তবায়ন করা হবে।