নিজস্ব প্রতিবেদক :
ঢাকার আশুলিয়ায় বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৮ তম জন্মদিন উপলক্ষ্যে আশুলিয়া থানা যুবলীগের আশ্রয় প্রকল্পের অধীনে পৃথক দুই দুঃস্থ পরিবারকে নতুন ঘর উপহার দেওয়া হয়েছে।
রবিবার (১৭ অক্টোবর) দুপুরে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের ইউসুফ মার্কেট এলাকার শাহিদা ও আবু সাইদকে শেখ হাসিনার উপহার স্বরুপ ঘর দুটি তুলে দেন আশুলিয়া থানা যুবলীগের আহবায়ক কবির হোসেন সরকার। এছাড়া সাভারের দক্ষিণ রাজাশন এলাকায় অপর দুঃস্থ পরিবারকে আরেকটি ঘর তুলে দিয়েছেন ঢাকা জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান।
যুবলীগ সূত্রে জানা যায়, তাদের খরচে সারাদেশে এমন সাড়ে তিনশো ঘর নির্মাণ করে করেছে বিভিন্ন ইউনিটের নেতারা। এরই মধ্যে দেশের কয়েকটি স্থানে এই ঘর হস্তান্তর করা হয়েছে।
সুবিধাভোগী শাহিদা বেগম বলেন, ‘আমি যখন গর্ভবতী তখন আমার স্বামী মারা যায়। এর পর থেকে আমি আমার ভাইয়ের বাড়িতে বসবাস করছিলাম। আমার হাতে কোন টাকা পয়সা ছিল না। কান্নাজড়িত কন্ঠে তিনি বলেন, আমি দীর্ঘদিন ধরে পোলাপান নিয়ে খুব কষ্টে ছিলাম। যুবলীগের কবির সরকার আমার কষ্ট দুর করেছে। আল্লাহ যেন তার ভাল করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্রয়ন প্রকল্পের আদলে যুবলীগ এ কর্মসূচীর নাম দিয়েছে আশ্রয় কর্মসূচী। সংগঠনের চেয়ারম্যান ফজলে শামস পরশ ভার্সুয়ালি সংযুক্ত থেকে বলেন, ২য় ধাপ হিসেবে ২২ টি ঘর আজকে হস্তান্তর করা হয়েছে। ঘর তুলে দেয়ার ক্ষেত্রে বাছাই কাজটি করা হয়েছে খুব স্বচ্ছভাবে। জায়গা আছে কিন্তু ঘর তোলার কোন সক্ষমতা নেই এমন মানুষকেই তুলে দেয়া হচ্ছে ঘর।
শেখ রাসেল সম্পর্কে তিনি বলেন, রাসেলের খেলার সাথী ছিল পোষা পশু-পাখি। পশু পাখির প্রতি তার ছিল অগাধ ভালোবাসা। পিতা থেকেও পিতৃহারা হয়ে জীবন যাপন করতে হয়েছে তাকে, শিশুবন্দী হিসেবেও জীবন যাপন করেছে সে। শেখ রাসেল বেঁচে থাকলে মানবিক, সৎ ও নিষ্ঠাবান নেতা হয়ে গড়ে উঠতেন। রাসেল শুধু একজন নয়, পৃথিবীতে হাজার হাজার শিশুর প্রতিকৃতি রাসেল।
এসময় আরো উপস্থিত ছিলেন আশুলিয়া থানা যুবলীগের যুগ্ম আহবায়ক মঈনুল ইসলাম ভূঁইয়া, ইয়ারপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি নূরুল আমিন সরকার, যুগ্ম সাধারন সম্পাদক সোহেল সরকারসহ আরও অনেকে।