মোঃ ফিরোজ আহম্মেদ
নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর নিয়ামতপুরে দেশব্যাপী আলোচিত একই পরিবারের চার সদস্যকে হত্যার ঘটনার রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় তিনজন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
গত ২১ এপ্রিল সংঘটিত এ নৃশংস হত্যাকাণ্ডে নিহত হন একই পরিবারের পিতা, মাতা ও তাদের দুই শিশু সন্তান। ঘটনার পরপরই জেলা পুলিশের একটি চৌকস দল তদন্তে নামে এবং টানা প্রায় ২০ ঘণ্টার অভিযানে হত্যার রহস্য উদঘাটনে সক্ষম হয়। পুলিশ জানান, নিহত ব্যক্তির সাথে জমি জমা নিয়ে বিরোধের জেরে আপন ভাগিনা এবং তার দুই আত্নীয়সহ কয়েকজন মিলে এই হত্যাকান্ড ঘটায়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে জঙ্গল ও পানির ডোবা থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো বড় আকারের হাসু ও একটি বৃহৎ ছোরা উদ্ধার করা হয়েছে।
এদিকে, মঙ্গলবার বিকেলে নিহত চারজনের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় শতশত মানুষ অংশগ্রহণ করেন এবং হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান।
পুলিশ সুপারের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম), মান্দা সার্কেল, নিয়ামতপুর থানা ও জেলা গোয়েন্দা শাখার সমন্বিত প্রচেষ্টায় দ্রুত সময়ের মধ্যে আসামি গ্রেফতার ও আলামত উদ্ধার সম্ভব হয়েছে বলে জানানো হয়।
এরই মধ্যে গ্রেফতারকৃত প্রধান আসামি সবুজ আদালতে দোষ স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। এ ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।