নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর রাণীনগরে মাদক সেবনের অপরাধে তিন মাদকসেবীকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহাদাত হুসেইন পাঁচ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন৷
দন্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার চককুতুব গ্রামের মৃত আব্দুল গফির শেখের ছেলে আজানুল (৫০), মৃত গিয়াস শেখের ছেলে সুলতান শেখ (৪৮) ও শাহিন (৪৫)।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন জানান, সোমবার সকালে ওই তিনজন ব্যক্তি চককুতুব গ্রামে একটি বাড়িতে গাঁজা ও ইয়াবা সেবন করছিল।
এমন গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও ভ্রাম্যমাণ আদালত যৌথ অভিযান পরিচালনা করেন। অভিযানে মাদক সেবন করা অবস্থায় তাদের তিনজনকে আটক করা হয়।
এ সময় মাদক সেবনের অপরাধে ওই তিনজন মাদকসেবীকে পাঁচ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। একই সঙ্গে তিনজনকে ৫০০ টাকা করে জরিমানা- অনাদায়ে অতিরিক্ত ৫ দিনের কারাদন্ড আদেশ প্রদান করা হয়েছে।
নওগাঁ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এসআই আবদুল্লা বাকী বলেন, কারাদন্ডপ্রাপ্ত ওই তিন মাদকসেবীকে এদিন সকালেই জেল হাজতে পাঠানো হয়েছে।