নিজস্ব প্রতিবেদক :
আমার ছেলেসাকিকে হত্যার পর কয়েকজনকে গ্রেফতার করলেও এখনো অনেক আসামি ধরা ছোয়ার বাইরে রয়েছে।
আর এর বিচার চাইতে গেলে আসামির পক্ষ থেকে নানা ধরনের হুমকি আসছে। আমার মরার আগে যেনো ছেলের হত্যার বিচার দেখে মরতে পারি’

মঙ্গলবার (১৭ মে) বেলা ১১ টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার এলাকায় মিরপুর মফিদিয়াম স্কুল অ্যান্ড কলেজের সামনে নিহত সাকিব আল হাসানের সহপাঠীদের মানববন্ধনে উপস্থিত থেকে কান্না জড়িত কন্ঠে অসহায়ের মত কথাগুলো বলছিলেন নিহতের বাবা কাঞ্চন মিয়া।
তিনি বলেন, আমরা অসহায়, ছেলে হত্যার বিচার চাইতে গিয়ে নানা ভাবে হুমকি পেয়েছি। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এর বিচার চাই। আমার ছেলে মারা গেছে এটা কি আমার দোষ। যারা মেরেছে তাদের দোষ৷ উল্টো আমরা বিপদে আছি।
মানববন্ধনে নিহত সাকিবের সহপাঠী রাশেদুজ্জামান বাংলানিউজকে বলেন, পাওনা টাকা চাওয়ায় পরিকল্পনা করে আমাদের বন্ধু সাকিবকে নির্মমভাবে হত্যা করা হয়েছে।
হত্যাকারীদের মধ্যে যারা পলাতক রয়েছে তাদের গ্রেফতারের দাবি জানাচ্ছি। আর যারা গ্রেফতার আছে তাদের যেনো জামিন না হয় সে ব্যবস্থা করতে হবে। দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।
নিহত সাকিবের বড় ভাই রাকিব মিয়া বলেন, পাওনা ছয় হাজার টাকা ফেরত চাওয়ায় আমার ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করে ওর বন্ধু পিয়াস, ইমন, নাবিন, রাজুসহ অন্যরা। এ ঘটনায় পিয়াস, ইমন ও রাজুকে গ্রেফতার করা হলেও নাবিন এবং অন্য আসামিদের গ্রেফতার করতে পারেনি পুলিশ। আমরা তাদের গ্রেফতারের দাবি জানাই।
এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মোখলেছুর রহমান বলেন, কলেজ শিক্ষার্থী সাকিব হত্যা মামলায় প্রধান আসামিসহ তিনজনকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।
প্রসঙ্গত, নিখোঁজের ১০ দিন পর গত ২৬ মার্চ সাভারের বনগাঁও ইউনিয়নের একটি নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংক থেকে সাকিবের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয় এবং সাকিবের বন্ধু পিয়াসকে আটক করা হয়। পরে র্যাব সাকিবের অপর বন্ধু ইমনসহ আরেকজনকে কে গ্রেফতার করে।