মুসলিম জাতির ধর্মীয় গ্রন্থ হলো আল-কোরআন। এই গ্রন্থের প্রতিটি বাণী শীতল করে মানুষের প্রাণ। যেমন মুসলিম ভালবাসেন এই গ্রন্থ, তেমনি আকৃষ্ট করে অন্য ধর্মালম্বীদের। তাই তো এই কোরআন শরিফ নিয়মিত বিতরণ করে চলেছেন এক খ্রিস্টান ধর্মালম্বী পুলিশ কর্মকর্তা। এতে প্রশংসায় ভাসছেন তিনি।
খোঁজ নিয়ে জানা যায়, সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মাকারিয়াস দাস গত তিন মাসে মসজিদ, মাদ্রাসা ও দরিদ্রের মাঝে প্রায় দেড় শতাধিক পবিত্র গ্রন্থ আল-কোরআন বিতরণ করেছেন। পবিত্র আল-কুরআন কোন শিক্ষার্থীর কাছে থাকলে তিনি ভাল মানুষ হয়ে গড়ে উঠবেন বলে মনে করেন তিনি।
এতে করে প্রশংসায় পঞ্চমুখ ওই পুলিশ কর্মকর্তা। তার প্রশংসা করতে গিয়ে স্থানীয় বয়োজ্যেষ্ঠ আক্কাস উদ্দিন বলেন, সচরাচর বিধর্মীদের কোরআন বিতরণ করতে দেখা যায় না।
আমরা জেনে এসেছি ইসলামের শ্রত্রুতা করে অন্য ধর্মের মানুষ। কিন্তু একজন পুলিশ কর্মকর্তা হয়েও তিনি নজির রেখে গেলেন। অনেক মুসলিমও এভাবে ইসলামের সেবা করেন না। আমি তার উত্তরোত্তর মঙ্গল কামনা করি।
পবিত্র ধর্মগ্রন্থ আল-কুরআন উপহার পেয়ে শিক্ষার্থী আল-আমীন বলেন, আমি পুরাতন ও ছোট অক্ষরের কোরআন পড়ছিলাম। বড় অক্ষর ও নতুন কোরআন শরিফ হলে আমার সুবিধা হয়। এই আকাঙ্ক্ষা পূরণ করেছেন খ্রিস্টান স্যার।
তিনি বলেন, আমি এই প্রথম ইসলামের প্রতি কোন বিধর্মীর ভালবাসা দেখেছি। শুধু তাই নয় তিনি প্রকৃত মানুষের ভূমিকা পালন করছেন। আমি অনেক আনন্দিত এমন উপহার পেয়ে। এধারা অব্যাহত থাকবে বলে আমব মনে করি।
এব্যাপারে সাভার মডেল থানার পরিদর্শক (অপারেশন) মাকারিয়াস দাশের সাথে কথা হয় তার কাছে প্রশ্ন ছিল তিনি বিধর্মী হয়েও কোরআন বিতরণ করছেন কেন?
উত্তরে তিনি বলেন, আমি ছোট থেকে শুনে এসেছি কুরআন হলো পবিত্র ধর্মগ্রন্থ। যা আল্লার কাছ থেকে নাজিল হয়েছে। আমি চাই এই ধর্ম গ্রন্থের প্রতিটি বানী মানুষের ঘরে ঘরে ছড়িয়ে পড়ুক। মানুষ ভাল ফলাফলের জন্য এগিয়ে আসুক, আল্লাহকে স্মরন করুক।
আল-কুরআন বিতরন করার উদ্দেশ্য কি এমন প্রশ্নের জবাবে তিনি বলেন- আমি যখন ইন্টারমেডিয়েটে পড়ি তখন থেকে টিউশনির মাধ্যমে অনেক কষ্টে টাকা উপার্জন করেছি। আমাদের দেশের মানুষ খেটে খাওয়া মানুষ।
অনেকেরই পবিত্র ধর্ম গ্রন্থ কেনার সামর্থ নেই তবে আমি সব সময় বিশ্বাস করি ভাল একটি গ্রন্থ যদি কোন শিক্ষার্থীর কাছে থাকে, অবশ্যই সে ভাল মানুষই হবে। এজন্য এই পবিত্র এই গ্রন্থটিকেই বেছে নিয়েছি।
তিনি বলেন- আমি রমজানের সময় কোরআন বিতরণ করি। আমাদের বড় দিন হলে খ্রিস্টীয়দের মাঝে বাইবেল বিতরণ করি। হিন্দু ধর্মালম্বীদের পুঁজায় গীতা বিতরণ করারও চেষ্টা করি। তিনি বলেন, আমাদের দেশে অনেক মানুষ দিন মজুর হিসাবে কাজ কাজ করছেন।
তাদের সামর্থ হয় না একটা পবিত্র ধর্মগ্রন্থ কেনার। অনেক মাদ্রাসার শিক্ষার্থীরাও রয়েছে এমন। নতুন গ্রন্থ পেয়ে তারাও খুশি। এটা আমাকে অত্যন্ত স্পর্শ করে। তাই আমি আমার অনুভূতি থেকে শত কষ্টের মধ্যেও চেষ্টা করি একটা পবিত্র গ্রন্থ বিতরণ করার।
কুরআন বিতরণের অনুভূতি জানাতে গিয়ে তিনি বলেন- পবিত্র আল-কুরআন আল্লাহর গ্রন্থ। এই গ্রন্থটটি যদি একটা মানুষের হাতে তুলে দিতে পারি, একজন খ্রিস্টান হয়ে আমি বিশ্বাস করি সে মানুষটি ভাল হয়ে উঠবে।
আমি বিশ্বাস করি সে মানুষটি একেবারে আলোর পথে চলবে। পাপাচার থেকে মুক্ত থাকবে। কারন আল্লাহকে আমরা সবাই শ্রদ্ধা করি। তাঁকে আমরা ভালবাসি। গ্রন্থটি থাকলে ইসলামের যে আলো সে আলোর পথেই চলবে।
মাকারিয়াস দাস ১৯৮৪ সালের ১২ ই এপ্রিল পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার ফকিরগঞ্জ খ্রিস্টান পাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। প্রয়াত সিমন দাস ও খ্রিস্টিনা দাস দম্পতির ৪র্থ তম সন্তান তিনি।
শিক্ষা জীবনে স্থানীয়আটোয়ারী প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা লাভ করে আটোয়ারী বালক উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক শেষ করেন। পরে মির্জা গোলাম হাফিজ ডিগ্রী কলেজে উচ্চ মাধ্যমিক ও স্নাতক ডিগ্রি লাভ করে রাজধানীর তেজগাঁও কলেজ থেকে স্নাতকোত্তর ডিগ্রী শেষ করেন।
২০১০ সালের পহেলা জুলাই রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে ট্রেনিং এর মাধ্যমে পুলিশে যোগ দান করেন। দীর্ঘ ১ বছর ট্রেনিং শেষে উপ-পুলিশ পরিদর্শক পদে তেজগাঁও বিভাগের তেজগাঁও থানায় শিক্ষানবিস হিসেবে যোগদান করেন।
বর্তমানে তিনি সাভার মডেল থানায় পুলিশ পরিদর্শক (অপারেশন) হিসাবে দায়িত্ব পালন করছেন। দায়িত্ব পালনের পাশাপাশি তিনি এমন সামাজিক কাজ করে চলেছেন।