আজ ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৬ ইং

মহাসড়ক দখল করে পার্কিং, যানজটের শঙ্কা

নিজস্ব প্রতিবেদক :

সাভারের আশুলিয়ায় মহাসড়কে পার্কিং করে দুই লেনের সড়ক অর্ধেক লেনে রূপান্তর করেছে যাত্রীবাহী লোকাস বাসসহ বিভিন্ন যানবাহন। ফলে মাঝে মধ্যেই সৃষ্টি হচ্ছে যানজট। ঈদ যাত্রা নির্বিঘ্নে বাঁধা হয়ে দাঁড়িয়েছে এসব যাত্রীবাহী বাস।

রবিবার (১ মে) সকাল ৭ টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কে গিয়ে দেখা যায়, আশুলিয়ার পলাশবাড়ী বাস স্ট্যান্ড থেকে বলিভদ্রবাজার পর্যন্ত প্রায় তিন কিলোমিটার মহাসড়কে এ ধরনের পার্কিং করে রাখা হয়েছে। ফলে প্রধান লেনের অর্ধেক সড়ক দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন।

বগুড়ামুখী হৃদয় পরিবহনের যাত্রী আরাফাত বলেন, আমরা নিয়মিত ঈদ যাত্রায় ভোগান্তিতে পরি। এর জন্য বেশিরভাগ ক্ষেত্রে দায়ি কিছু কিছু বাস চালক।

আমরা পল্লিবিদ্যুৎ বাস স্ট্যান্ড থেকে বলিভদ্রবাজার বাস স্ট্যান্ড পর্যন্ত আসলাম এক লেনের অর্ধেক সড়ক দিয়ে। প্রায় তিন কিলোমিটার সড়ক দখল করে পার্কিং করা হয়েছে। এতে করে চলতি বাসের চালকরা ঝুঁকি নিয়ে যাত্রা করছেন।

অপর যাত্রী শাহীন  বলেন, আসলে আমাদের সড়ক পর্যাপ্ত রয়েছে। যত প্রশস্ত সড়ক আমাদের রয়েছে এতে যানজট হওয়ার কথা না। কিন্তু আমরা যানজটে পরি। আসলে সড়ক সংস্কার আর লেন বৃদ্ধি করলে যানজট ঠেকানো সম্ভব না।

যানজট নিরসনে প্রয়োগ করা উচিৎ সকল ট্রাফিক আইন। তাহলেই যানজট কমবে। আমরা পলাশবাড়ি থেকে বাইপালে খুব কষ্ট করে আসলাম। পার্কিংয়ের কারনে মহাসড়ক আঞ্চলিক সড়কে পরিনত হয়েছে। আমি সংশ্লিষ্টদের সুদৃষ্টি কামনা করছি।

পার্কিং করা সোনালী পরিবহনের চালক বলেন, আমরা ২০ মিনিট পরেই যাত্রী নিয়ে চলে যাবো। আর যাওয়ার সড়ক তো আমরা ফাঁকা রেখেছি। এই ফাঁকা সড়ক দিয়ে বাস অনায়াসে যেতে পারবে। আমাদের গাড়িতে অর্ধেক যাত্রী হয়েছে। গাড়ি ভরলেই ছেড়ে দেবো।

সিফাত পরিবহনের চালক বলেন, আমরা তো এখানে স্ট্যান্ড বানাইনি। আমরা যাত্রী নেওয়ার জন্য এখানে দাড়িঁয়েছি। আর আমাদের দোষ কোথায়। সামনে থেকেই তো এভাবে পার্কিং করা। আমরা চাইলেও তো এখন বের হতে পারবো না।

এব্যাপারে সাভার হাইওয়ে থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক মোস্তফা বলেন, আমরা গতকাল র‌্যাকার দিয়ে এসব যানবাহন জব্দ করেছি।

আজকেও র‌্যাকার যাবে। যাত্রীরা যাতে নির্বিঘ্নে যেতে পারে সেজন্য আমরা কাজ করে চলেছি। তবে দুই একটা গাড়িতে র‌্যাকার লাগানো হলে একটি গাড়িও থাকে না।

যখন আমরা চলে আসি সাথে সাথেই আবার তারা পার্কিং করে। এক স্থানে থাকাটাও তো সম্ভব নয়। সড়কের সব স্থানে আমাদের কাজ করতে হচ্ছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ