নিজস্ব প্রতিবেদক :
ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে সাভারের এক ব্যবসায়ীর ঝুট বোঝাই ট্রাক ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় সাভার মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী শুক্কুর আলী।
বৃহস্পতিবার ( ৭ এপ্রিল) রাত ১২ টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার উপ-পরিদর্শক মোঃ শহিদুল ইসলাম। এর আগে বিকেল সাড়ে তিনটার দিকে সাভারের রাজাশন পৌর মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযুক্তরা হলেন- ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও সাভারের মিটন গ্রামের মুনাইম খানের ছেলে মোঃ মেহেদী হাসান (২৬), চাপাইন তালতলা এলাকার আঃ মান্নান ড্রাইভারের ছেলে ও
ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সহ-সভাপতি মোবারক হোসেন খান পলক (২৫), সাভার সদর ইউনিয়ন ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দুলাল খান (৪৫) এবং মিটন গ্রামের সুলতান খানের ছলে আলাল খান (৫০)।
অভিযোগ সূত্রে জানা যায়, সাভারের মিটন গ্রামের ফকির বাড়ির মোড় এলাকার এনআরএন নিটিং এন্ড গার্মেন্টস লিমিটেড ও আউটলেট স্টিচেস লিমিটেড নামক দুটি কারখানায় ঝুট ব্যবসা করে আসছিলেন মোহাম্মদ শুক্কুর আলী ও মোঃ মতিয়ার রহমান। আজ বিকেলে কারখানা থেকে ঝুট দুটি ট্রাকে লোড করে ফুলবাড়িয়ার দিকে যাচ্ছিলেন।
এর মধ্যে একটি ঝুটবোঝাই ট্রাক ফুলবাড়িয়া যায়। তবে পিছনের ট্রাকটি রাজাশন এলাকার পলু মার্কেটের কাছে গেলে ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের নেতাকর্মীরা ৮ থেকে ১০ টি মোটরসাইকেল যোগে এসে ট্রাকটির গতিরোধ করে।এসময় দুইজন নেতাকর্মী ট্রাকে উঠে চালককে ছুড়ি ধরে জিম্মি করে।
তাদের নির্দেশনা অনুযায়ী চালক ঝুট বোঝাই ট্রাকটি আক্রান, চারাবাগ হয়ে কাঠগড়ার দিকে নিয়ে যায়। পরে সেখানে তারা ঝুট আনলোড করে ট্রাকসহ চালককে ছেড়ে দেয়।
ভুক্তভোগী ব্যবসায়ী মোঃ শুকুর আলী বলেন, ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের নেতাকর্মীরা আমাদের ব্যবসার অংশীদার হতে চান। আমরা রাজি না হওয়ায় তারা বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছিল।
অবশেষে বিকেলে আমার লক্ষটাকার ঝুটসহ একটি ট্রাকের চালককে জিম্মি করে তারা। ধারালো ছুড়ির ভয়ে তাদের কথা মত কাঠগড়া এলাকায় ট্রাকটি নিয়ে যায়। পরে ঝুট আনলোড করে ট্রাক ও চালককে ছেড়ে দেয়।
এব্যাপারে অভিযুক্ত ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সহ-সভাপতি মোবারক হোসেন খান পলক বলেন, ভাই আমার বাড়ি চাপাইন। আমি ঘুম থেকে উঠে এসব কথা শুনতেছি। আমি সাংবাদিকদের কাছে এমন ঘটনা শুনলাম।
আমি এঘটনায় ছিলাম না। আর এঘটনায় জড়িতের প্রমান দেখাতে পারলে সর্বোচ্চ শাস্তি হলেও মাথা পেতে নেবো। তবে আমি জড়িত না থেকেও আমার সম্মানহানি করছে।
ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সভপতি সাইদুল ইসলাম বলেন, বিষয়টি এই প্রথম শুনলাম। তবে ঘটনার সত্যতা পাওয়া গেলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
সাভার মডেল থানার অফিসার্স ইনচার্জ (ওসি) কাজী মাইনুল ইসলাম বলেন, ঝুট ছিনতাইয়ের ঘটনায় একটি লিখিত অভিযোগ হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।