নিজস্ব প্রতিবেদক :
ঢাকার ধামরাইয়ে প্রধানমন্ত্রীর উপহার যার ‘জমি আছে ঘর নেই’ তার নিজ জমিতে গৃহ নির্মাণ আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় এক জেলেকে ঘর পাইয়ে দেয়ার কথা বলে তার কাছ থেকে ৫০ হাজার টাকা নেয়ার অভিযোগ পাওয়া গেছে উপজেলার সোমভাগ ইউনিয়নের ইউপি সদস্য মোঃ কালাম এর বিরুদ্ধে।
অভিযুক্ত ইউপি সদস্য মোঃ কালাম উপজেলার সোমভাগ ইউনিয়নের নওগাঁও এলাকার মৃত আব্দুল গফুরের ছেলে। তিনি সোমভাগ ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য। তিনি পেশায় একজন গরু ব্যবসায়ী।
ভুক্তভোগী অনিল রাজবংশী (৪৫) একই ইউনিয়নের সোমভাগ গ্রামের আনন্দ রাজবংশীর ছেলে। তিনি পেশায় একজন জেলে। নদীতে মাছ ধরে তা বিক্রি করেই তিনি জীবিকা নির্বাহ করেন।
অনিল রাজবংশী আজকের পত্রিকাকে জানান, এক দেড় মাস আগে কাগজপত্র আর ৫০ হাজার টাকা দিছি কালাম মেম্বারকে ঘরের জন্য। দুই রুমের টিন সেট ঘর দিয়ে দিবে বলছে। এখনো কিছু জানায় নাই। ঘর আসলে জানাইবো।
আপনি ঘরের জন্য টাকা দিছেন কিন্তু ঘর যদি না পান তখন আপনার টাকার কি হবে? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমি গরিব মানুষ আমার টাকা মাইরা খাইবো না।
ঘর না পেলে মেম্বার আমার টাকা ফেরত দিয়ে দিবো বলছে। মেম্বারের কাছে টাকা দিছি স্বাক্ষী আছে আমার লগের মানুষই।
নাম প্রকাশে অনিচ্ছুক সোমভাগ গ্রামের এক বাসিন্দা জানান, আশ্রয়ণ প্রকল্পের ঘর তো মানুষ ফ্রী পায়। সরকার এই ঘর দরিদ্রদের ফ্রী দিচ্ছেন।
কিন্তু সরকারি ঘর দেয়ার কথা বলে অনিল জেলের কাছ থেকে কালাম মেম্বার ৫০ হাজার টাকা নিছে এটা অমানবিক। এরকম করে প্রধানমন্ত্রীর আরো বদনাম করতেছে এইসব জনপ্রতিনিধিরা।
অভিযুক্ত ইউপি সদস্য মোঃ কালাম টাকা নেওয়ার কথা অস্বীকার করে বলেন, । আমি তা হলে অনিল কে আসতে বলি আমার সামনে তাকে জিজ্ঞেস করেন। দেখি তখন সে এই কথা বলে কিনা।
এবিষয়ে সোমভাগ ইউনিয়নের চেয়ারম্যান প্রভাষক মোহাম্মদ আওলাদ হোসেন জানান, আশ্রয়ণ প্রকল্পের ঘর পেতে কোন টাকা পয়সা লাগে না। ঘর দেয়ার কথা বলে টাকা নিছে যদি এমন ঘটনা সত্য হয় তা হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।