নিজস্ব প্রতিবেদক :
সাভারে ৬ হাজার টাকার জন্য বন্ধুদের হাতে নির্মম খুনের শিকার হয়েছেন সাকিব আল মামুন (১৮) নামের এক শিক্ষার্থী। তাকে হত্যার পর একটি বাড়ির সেপটি ট্যাঙ্কে ফেলে দেওয়া হয়।
শনিবার (২৬ মার্চ) রাত ৮ টার দিকে সাভারের বলিয়াপুরের কুন্ডা কোটপাড়া এলাকার আবুল কাসেমের নির্মানাধীন বাড়ির সেফটি ট্যাংক থেকে তার গলিত মরদেহ উদ্ধার করা হয়। নিখোঁজের ১১ দিন পর তার মরদেহের খোঁজ পাওয়া গেল।
নিহত সাকিব আল মামুন বলিয়াপুরের কুন্ডা কোটপাড়া এলাকার কাঞ্চন মিয়ার ছেলে। তিনি আমিন বাজার এলাকার মফিদ-ই-আম স্কুল এন্ড কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। লেখাপড়ার পাশাপাশি একটি চাকরি করতো তিনি।
পুলিশ জানায়, ওই এলাকার কাশেমের বাড়ির পাশ দিয়ে পথচারীরা যাওয়ার সময় দুর্গন্ধ পেয়ে থানায় খবর দেয়।
খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের গলিত মরদেহ উদ্ধার করা হয়। তার শরীরে পচন ধরেছে। দেখে চেনার মত অবস্থা নেই। তবে তার মা ও ভাই পায়ের জুতা ও গায়ের গেঞ্জি দেখে সাকিব আল মামুনের লাশ শনাক্ত করেন।
নিহতের ভাই রাকিব বলেন, আমার ভাই গত ১৭ মার্চ কোটাপাড়া থেকে নিখোঁজ হয়। তার মোবাইল বন্ধ থাকায় কোন খোঁজ পাওয়া যাচ্ছিলো না। পরে সাভার থানায় নিখোঁজ ডায়েরি করি।
আমার ভাই আল-আমিন ও শাহিনের কাছে ৬ হাজার টাকা পেতো। সে মোটরসাইকেল কিনতে চাইতো আমরা দিতাম না। পরে সে লেখাপড়ার পাশাপাশি নিজেই চাকরি করতো আর টাকা জমাতো।
সেই টাকা থেকে তাদের টাকা ধার দিয়েছিল। পিয়াস, নাভিন ও ইমন মিলে আমার ভাইকে হত্যা করেছে। তারা অনেক টাকাওয়ালা, আমরা মনে হয় বিচার পাবো না।
সাভারের ভবানীপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোখলেছুর রহমান বলেন, আমরা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠিয়েছি। এ ব্যাপারে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।