মোঃ শামীম হোসেন:
সাভারে শুকুরজান জিন্নত আলী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যথাযোগ্য মর্যাদায় নানা আয়োজনে ১০২ তম জন্মদিন পালিত হয়েছে।

এদিন স্বাধীনতার মহানায়ক বঙ্গবন্ধুর জন্মদিনটি ‘জাতীয় শিশু দিবস’ হিসেবে পালন করা হয়।
বৃহস্পতিবার সকালে সাভার পৌরসভার জামসিং এলাকায় বিদ্যালয়ের নব নির্মিত নিজস্ব ভবনের হলরুমে প্রথমে কেক কাটা হয়। পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল সদস্যদের জন্য দোয়া করা হয়।
এসময় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এছাড়া বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে বঙ্গবন্ধুকে নিয়ে চিত্রাংকন প্রতিযোগিতা, কবিতা আবৃত্তিসহ নানা আয়োজন করা হয়।
এবিষয়ে শুকুরজান জিন্নত আলী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নওশের আলী বলেন, বাংলার রাখাল রাজা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জের নিভৃত গ্রাম টুঙ্গীপাড়ায় জন্মগ্রহণ করেন।
বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে জন্ম নেওয়া শেখ মুজিবুর রহমান দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশকে স্বাধীন করেছিলেন।
তিনি আরো বলেন, বাঙালি জাতির মুক্তির জন্য তিনি নিজের জীবনকে উৎসর্গ করেছিলেন।
দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পথ পেরিয়ে শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি ও বিশ্বের নিপীড়িত মানুষের মুক্তি সংগ্রামের অনুপ্রেরণার উৎসও হয়ে ওঠেন তিনি।