নিজস্ব প্রতিবেদক :
ঢাকার ধামরাইয়ে প্রতিপক্ষকে ফাঁসাতে এক নারীকে চার বন্ধুকে দিয়ে ধর্ষণ করিয়ে পরে সেই নারীকে থানায় নিয়ে প্রতিপক্ষদের নামে মিথ্যা ধর্ষণের মামলা করতে এসে গ্রেপ্তার হয়েছে ৫ জন।
গত শনিবার (৫ মার্চ) রাতে ধামরাইয়ের সোমভাগ ইউনিয়নের ডাউটিয়া এলাকায় এই ধর্ষণের ঘটনা ঘটে। পরের দিন রোববার (৬ মার্চ) পরিকল্পনাকারী শহীদ (৪২) ও মনিরুল ইসলাম মনির (৪০) ধর্ষণের শিকার ওই ভুক্তভোগী কে নিয়ে ধামরাই থানায় মামলা করতে এসে আটক হন তারা। পরে আটক দুইজনসহ মোট ৬জন কে আসামি করে মামলা দায়ের করেন ভুক্তভোগী।
পরে আটক শহীদ ও মনিরুল এর সহযোগিতায় মামলার অন্য আসামি রাজ্জাক (৫৪), সোহরাব (৩৭) ও বিকাশ (৪০) নামের আরো তিনজনকে গ্রেপ্তার করে সোমবার (৭ মার্চ) তাদের আদালতে পাঠিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, রোববার (৬ মার্চ) শহীদ ও মনিরুল ওই ভুক্তভোগী কে নিয়ে থানায় এসে ধামরাইয়ের চরডাউটিয়া এলাকার একরাম হোসেন ও তার ছেলে শাহীন, গোলাপ, আজগর আলী ও আহম্মদ আলীর বিরুদ্ধে ওই ভুক্তভোগী নারীকে ধর্ষণের অভিযোগ এনে তাদের নামে মামলা নিতে বলে । পরে শহীদ ও মনিরুলের কথা বার্তা সন্দেহজনক মনে হলে তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে তারা স্বীকার করেন অভিযুক্তরা ধর্ষণ করেনি। অন্য লোকেরা ধর্ষণ করেছে।
যাদের বিরুদ্ধে ধর্ষণ মামলা করতে এসেছিলো তাদের সাথে শহীদ ও মনিরুলের জমি নিয়ে পূর্ব শত্রুতা রয়েছে। সেই শত্রুতার জেরেই ওই ভুক্তভোগীকে ভয়ভীতি দেখিয়ে অন্য লোকদের দিয়ে ধর্ষণ করায় এবং একরাম হোসেন ও তার ছেলে শাহীন, গোলাপ, আজগর আলী ও আহম্মদ আলীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিতে থানায় আসে।
মামলা সূত্রে জানা যায়, শহীদ ও মনিরুলের সাথে পূর্ব পরিচিত ছিলো ভুক্তভোগীর। সেই সুবাদে শনিবার (৫ মার্চ) মামলার এক নাম্বার আসামি শহীদ ভুক্তভোগীকে ধামরাইয়ের একটি পোশাক কারখানায় চাকরি দিয়ে দেয়ার কথা বলে বিকেল ৫টার দিকে আশুলিয়ার নবিনগর এলাকা হতে ধামরাই নিয়ে আসে। পরে ওই ভুক্তভোগীকে নানান ভাবে মিথ্যা বলে শহীদের বাড়ি চরডাউটিয়া নিয়ে যায়। সেখানে শহীদের বসত বাড়ির একটি রুমে ভুক্তভোগী কে রেখে বাহিরে চলে যায় শহীদ।
পরে রাত সাড়ে নয়টার দিকে শহীদ ও মনিরুল অজ্ঞাত ৪ জন লোকদের নিয়ে আসে এবং তাদের সাথে ভুক্তভোগী কে শারীরিক সম্পর্ক করতে চাপ দেয়। এতে ভুক্তভোগী রাজি না হলে ওই চারজনসহ ভুক্তভোগী কে রুমে রেখে বাহির থেকে রুমের দরজা আটকিয়ে পাহারা দেয় শহীদ ও মনিরুল। পরে রাত ১০টা থেকে রাত ২টা পর্যন্ত অজ্ঞাত একজনসহ রাজ্জাক, সোহরাব আলী ও বিকাশ নামের চারজন জোরপূর্বক পালাক্রমে ধর্ষণ করে ওই নারীকে।
এ বিষয়ে ধামরাই থানা পুলিশ পরিদর্শক ( অপারেশন) নির্মল কুমার দাস বলেন, শহীদ ও মনিরুল ওই ভুক্তভোগী কে নিয়ে গত শনিবার থানায় আসে শাহীন ও একরাম গংদের নামে একটি ধর্ষণ মামলা করতে। কিন্তু তাদের আচরণ বিধি সন্দেহ হলে তাদের জিজ্ঞাসাবাদের জন্য আটক করি। পরে জানা যায়, যাদের বিরুদ্ধে ধর্ষণ মামলা করতে এসেছিলো তারা নির্দোষ।
তিনি আরো বলেন, শহীদ ও মনির পরিকল্পনা করে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিতে আসে। পরে ভুক্তভোগী ৬জনের নামে মামলা করে। আটক শহীদ ও মনিরুলের সহযোগিতায় আরো তিন আসামীকে গ্রেপ্তার করা হয় এবং সোমবার রিমান্ড চেয়ে তাদের আদালতে পাঠানো হয়েছে।