নিজস্ব প্রতিবেদক :
ভালবাসা প্রকাশের জীবন্ত অনুষঙ্গ হলো লাল গোলাপ। আর যদি ভালবাসা দিবসে ভালবাসা প্রকাশের কথা বলা যায়, তাহলে টুকটুকে লাল গোলাপের বিকল্প নেই।
তাই তো বসন্তের ভালবাসা ঘিরে সাভারে একটি গোলাপ বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকায়। সরবরাহ ও ফলন কম হওয়ায় একটি লাল গোলাপ এমন দামে বিক্রি হচ্ছে বলে দাবি বিক্রেতাদের। যা অন্যান্য সময় বিক্রি হয় ৮ থেকে ১০ টাকায়।
সোমবার (১৪ ফেব্রুয়ারি) সকালে সাভার ও আশুলিয়ার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, বিশ্ব ভালবাসা দিবস (ভ্যালেন্টাইন ডে) উপলক্ষে পাড়া মহল্লা কিংবা মহাসড়কের পাশে ফুলের পসরা সাজিয়ে বসেছেন ফুল ব্যবসায়ীরা।
এবার ফুলের দাম বেশি হওয়ায় তেমন ক্রেতারও নেই চাপ। তবে বিকেল হওয়ার সাথে সাথে ক্রেতাসমাগম হবে বলে ধারনা ফুল ব্যবসায়ীদের। ফুলের ঋতু বসন্তে ফুলের এমন দাম হওয়ায় হতাশ ব্যবসায়ীরা।
নবীনগর-চন্দ্রা মহাসড়কের পাশে সাভারের বাড়ইপাড়া এলাকায় ফুল নিয়ে বসেছেন মাহবুব নামের মৌসুমি ফুল ব্যবসায়ী। তিনি ঢাকাপোস্টকে বলেন,
আমি প্রতি ঈদ, ভালবাসা দিবসসহ বিশেষ দিন গুলোতে ফুল কিনে এনে বিক্রি করি। আগে প্রতি পিছ গোলাপ কিনতাম ৩ থেকে ৫ টাকার মধ্যে।
এবার সেই গোলাপ প্রতি পিছ ৫০ থেকে ৬০ টাকায় কিনে এনেছি। বিক্রি করছি ৮০ থেকে ১০০ টাকায়। গোলাপের দাম বেশি হওয়ায় এবার তেমন ক্রেতাও নেই। দিন শেষে ফুল যদি থেকে যায় তাহলে লোকসানে বিক্রি করতে হবে।
সাভারের ফুল বিক্রেতা আলম বলেন, আমাদের সাভারেই প্রচুর সংখ্যক গোলাপ চাষ হয়। কিন্তু এবার গোলাপের বাগানে ফুল নেই। রোগে পচন ধরে ফুল নষ্ট হয়েছে।
ফুলের তেমন আমদানিও নেই। বাগানেই পাইকাররা ফুল কিনছেন ৩০ থেকে ৪০ টাকায়। আমাদের গোলাপ কিনতে হচ্ছে ৫০ থেকে ৬০ টাকায়। বিক্রি তো ১০০ টাকার নিচে করলে লোকসান হবে।
কারন সব ফুল তো বিক্রি হবে না। অবিক্রিত ফুল নষ্ট হয়ে যাবে। সেগুলো বিক্রি আর বিক্রি করা সম্ভব হবে না। ক্রেতার উপস্থিতি সম্পর্কে তিনি বলেন, দুপুর পর্যন্ত তেমন ক্রেতা হবে না তবে বিকেলে ক্রেতার ভীড় হবে বলে ধারণা করছি।
পাইকারি ফুল ক্রেতা আউয়াল বলেন, আমরা বাগানে বাগানে ঘুরে অল্প সংখ্যক ফুল পেয়েছি। গোলাপ কিনতে হয়েছে প্রতিযোগীতা করে। প্রতিটি গোলাপ ৩০ থেকে ৩৫ টাকায় কিনতে হয়েছে।
আসলে ফুলের ফলন খুব একটা হয়নি। বাগানে রোগ ধরে ফুলের উৎপাদন হয় নি। যে বাগান থেকে আমরা ১০ থেকে ১২ হাজার ফুল কিনতাম সেই বাগান থেকে গোলাপ কিনেছি ২৫০ পিছ। দাম তো একটু হবেই।
ফুল ক্রেতা জোবায়ের আল হাসান বলেন, একটি গোলাপের দাম চাচ্ছে ১২০ টাকা। সর্বশেষ ১০০ টাকা করে দুটি গোলাপ কিনলাম। ১০ টাকার গোলাপ কিভাবে ১০০ টাকা বিক্রি হয়। আমি গোলাপ কিনতে এসে রীতিমত অবাক হয়েছি।
তবে প্রয়োজন বলে ১০০ টাকায় কিনলাম। সাধারন মানুষ এই দামে গোলাপ কিনতে পারবে না। ৫০ থেকে ৬০ টাকার মধ্যে হলেও ক্রয় ক্ষমতার মধ্যে থাকতো।
অপর ক্রেতা আব্দুল ওয়াহেদ বলেন, আমি গার্মেন্টসে কাজ করি। আমার স্ত্রীর জন্য গোলাপ কিনতে এসেছিলাম। ১০ টি গোলাপের টাকা দিয়ে ১ টি গোলাপ কিনলাম।
স্ত্রীকে ভালবাসা জানাতে গোলাপ ফুল কিনতে এসেও বিড়ম্বনায় পড়েছি। গোলাপ কেনার পরে আর ফিরে যাওয়ার রিকশা ভাড়া নেই। এখন হেঁটে হেঁটে ফিরছি। এমন দামে আসলে কেউ ফুল কিনবে বলে মনে হয় না।
সচেতন নাগরিক কমিটির আশুলিয়া অঞ্চলের সভাপতি লায়ন মোহাম্মদ ইমাম বলেন, ফুলের দাম অত্যাধিক বেশি নেওয়া হচ্ছে।
যে কোন দিবসেই এমন দাম হলে প্লাস্টিক বা আর্টিফিশিয়াল ফুলের দিকে ঝুকবে ক্রেতারা। তাই ফুলের বাজার নিয়ন্ত্রণের দাবি জানান তিনি।