নিজস্ব প্রতিবেদক :
সাভারের আশুলিয়ার বাইপাইলে এ্যাম্বুলেন্স আটকে রেখে চালককে মারধরের সময় মারা যায় ভেতরে থাকা ৯ বছরের ক্যান্সার আক্রান্ত মূমূর্ষ শিশু আফসানা।
এ ঘটনার সময় ভুক্তভোগী শিশুর পরিবার বারবার অনুরোধ করেও মারমুখী অন্য হাইয়েচ গাড়ির চালককে থামাতে পারেননি। এ ঘটনায় আশুলিয়া থানায় শিশুটির বাবা আলম মিয়া বাদী হয়ে ৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। এ ঘটনায় জড়িত দুই চালককে গ্রেফতার করেছে আশুলিয়া থানা পুলিশ।
বুধবার(০২ ফেব্রুয়ারী) দিবাগত রাত দুইটার দিকে এ তথ্য নিশ্চিত করেছে আশুলিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক(এসআই) সামিউল ইসলাম।
এরআগে রাতে আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চালক ইমরান হোসেন ও হানিফ খানকে গ্রেফতার করেন। বুধবার দিবাগত রাতেই এ মামলা রেকর্ড করা হয়। আশুলিয়া থানার মামলা নং ৪।
গ্রেফতারকৃত আসামীরা হলেন, টাঙ্গাইল জেলার ভুয়াপুর থানার দোপাকান্দী গ্রামের আব্দুর রহমান খানের ছেলে হানিফ খান(৪০)। তিনি আশুলিয়ার বাইপাইলে বসবাস করে রেন্ট এ কারের প্রাইভেটকারের চালক ।
আরেকজন টাঙ্গাইলের ভুয়াপুরের খুপিবাড়ি গ্রামের মৃত সুরুজ মন্ডলের ছেলে মোঃ ইমরান(২৫)। তাকে আশুলিয়ার পলাশবাড়ি এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে।
এ মামলার প্রধান আসামী হলেন, মাইক্রোবাসের চালক নজরুল ইসলাম। মামলার স্বার্থে বাকি আসামীদের পরিচয় জানায়নি পুলিশ।
পুলিশ জানায়, নিহত আফসানার মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে আশুলিয়া থানার এস আই সামিউল ইসলাম বলেন, ঘটনায় জড়িত সকলের পরিচয় সনাক্ত হয়েছে। ঘটনায় জড়িত অভিযুক্ত দুই চালকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
প্রসঙ্গত, মঙ্গলবার (০২ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে শিশু আফসানাকে বহনকারী এ্যাম্বুলেন্সটি বাইপাইল-আবদুল্লাহপুর মহাসড়ক হয়ে গ্রামের বাড়ি গাইবান্ধার উদ্দেশ্যে ফিরছিলো মহাখালীর ক্যান্সার হাসপাতাল থেকে।
ওভারটেকিং এর মত তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আশুলিয়ার বাইপাইলে পৌঁছালে চলন্ত অবস্থায় এম্বুলেন্সটিকে পিছনে থাকা একটি হাইয়েচ মাইক্রোবাস সামনে এসে গতিরোধ করে।
মাইক্রোবাসের চালক নজরুল নেমে এম্বুলেন্সের চালক ও সহকারীকে মারধর শুরু করে। পরে আরো কয়েকজন সহযোগিকে ডেকে আনে নজরুল ইসলাম। এক পর্যায়ে এম্বুলেন্সের চাবিটিও ছিনিয়ে নেয় সে। এসময় এম্বুলেন্সেই ছটফট করতে করতে বাবার কোলে মারা যায় শিশু আফসানা।