আজ ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে এপ্রিল, ২০২৬ ইং

ধর্মান্তরিত হয়ে ভূমিহীন, পুলিশ হওয়ার স্বপ্ন ভঙ্গ হাসানের

নিজস্ব প্রতিবেদক :

ধর্মান্তরিত হয়ে সকল ভূমি থেকে বঞ্চিত হন হাসান সিদ্দিকীর পরিবার। পরবর্তীতে তার দাদাও সব জমি বিক্রি করে দেন। ভুমিহীন হয়েও পুলিশ কনস্টেবলে চাকরির আশায় দরখাস্ত করেন তিনি।

অনার্স প্রথম বর্ষের পরিক্ষা না দিয়ে চাকরির পরিক্ষায় অংশগ্রহণ করেন হাসান। ১১৫ তম মেধাতালিকায় উত্তীর্ণ হয়ে সকল ধাপে সফলও হন তিনি।

নেওয়া হয় পুলিশের পোশাক ও জুতার পরিমাপ। কিন্তু কোভিড পরিক্ষার জন্য ডাক না পেয়ে জানতে পারেন ভুমিহীন হওয়ায় তার আর চাকরি হচ্ছে না।

শুক্রবার (৩১ ডিসেম্বর) সাভারের বিনোদনবাইদ এলাকার রাব্বি ভিলায় হাসান সিদ্দিকীর সাথে কথা হয় । তিনি বলেন, আমি প্রথম ভেরিফিকেশনেই বলেছি আমাদের কোন ভূমি নাই। তার পরেও পরবর্তী ধাপে আমায় অংশগ্রহণে ডাকা হয়।

এক্ষেত্রে ভূমিহীনের সনদ জমা দেওয়ার পরামর্শ দেওয়া হয়। এসময় উপজেলা ভূমি অফিস থেকে সেসব সংগ্রহ করে জমাও দেই। কিন্তু শেষ সময়ে এসে আমি পুলিশ লাইন্সের রিজার্ভ অফিসে গিয়ে জানতে পারি ভূমি না থাকার কারনে আমার চাকরি হচ্ছে না। আমি হতাশ হয়ে পরি।

বর্তমানে সাভারের বিনোদবাইদ এলাকার বাবুল আহমেদের টিনশেড বাসায় পরিবারের সাথেই ভাড়া থাকেন হাসান সিদ্দিকী। তিনি সাভার মডেল একাডেমি থেকে ২০১৭ সালে এসএসসি পরিক্ষায় কৃতিত্বের সাথে পাশ করেন।

২০১৯ সালে সাভার মডেল কলেজ থেকে এইচএসসি পরিক্ষায় পাশ করে হিসাব বিজ্ঞান বিভাগে অনার্সে ভর্তি হন ধামরাই সরকারি কলেজে। বাবা ওমর সিদ্দিকী চিত্রগ্রাহকের কাজ করে সংসার চালান কোনমতে। পরিবারের টানাপোড়েনে পুলিশ কনস্টেবলে চাকরির দরখাস্ত করেন হাসান।

চলতি বছরের সেপ্টেম্বরে ঢাকা জেলায় পুলিশ কনস্টেবল পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তি দেখে অনলাইনে আবেদন করে ১৪ নভেম্বর গেণ্ডারিয়া সদরঘাটে পুলিশ মিল ব্যারাকে শারীরিক যোগ্যতা অংশ নেন তিনি। চলে ১৫ ও ১৬ নভেম্বর পর্যন্ত।

এখানে কৃতকার্য হয়ে ১৭ নভেম্বর লিখিত পরীক্ষায় ও ২৪ নভেম্বর একই জায়গায় মৌখিক পরীক্ষা দিয়ে মেধাতালিকায় ১১৫ তম হন। গত ২৯ নভেম্বর প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও ৩ ডিসেম্বর রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ লাইন্স হাসপাতালে চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হয়ে নিয়োগের জন্য সাভার মডেল থানা পুলিশ, এনএসআই ও ডিএসবির ভেরিফিকেশন হলে সেখানেই ভুমি না থাকার বিষয়টি জানান হাসান।

হাসান বলেন, আমার সাথে যারা কৃতকার্য হয়েছে তাদের সবাইকে কোভিড পরিক্ষার জন্য ডাকা হয় পুলিশ কেন্দ্রীয় মিল ব্যারাক হাসপাতালে।

কিন্তু তার সাথে আর কেউ যোগাযোগ করে নাই। বিষয়টি জানার জন্য অন্যান্যদের সাথে গত বুধবার (২৯ ডিসেম্বর) তিনি রাজারবাগ পুলিশ কেন্দ্রীয় হাসপাতালে গেলে তাকে বলা হয় তিনি কেন এসেছেন।

তাকে তো ডাকা হয় নি। কেন ডাকা হয়নি জানতে চাইলে হাসানকে রিজার্ভ অফিসে ডেকে নিয়ে জানানো হয়, ভূমিহীন হওয়ায় তাকে নেগেটিভ করা হয়েছে।

হাসান বলেন, পুলিশ ভেরিফিকেশনের সব ধাপ শেষ হওয়ার পর আমার কাছ থেকে পোশাক ও জুতার পরিমাপ জানার জন্য ফোন করা হয়। তার পরেও আমার চাকরি না হওয়ার খবর শুনে হতাশ হয়ে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে যাই।

কিন্তু তাকে না পাওয়ায় বিষয়টি আর জানানো সম্ভব হয় নি। কিন্তু উপস্থিত সবার মুখে একই কথা, জমি ছাড়া চাকরি হবে না। আরও হতাশ হয়ে বাসায় ফিরে আসি।

হাসান বলেন, আমার বাবা ধর্মান্তরিত হওয়ার পর সব কিছু থেকে বঞ্চিত হন। তিনি চিত্রগ্রাহকের কাজ করে অনেক কষ্টে আমাকে ও আমার ছোট ভাইকে লেখাপড়া করাচ্ছেন। তার কষ্ট দেখে প্রায়ই গোপনে কাদতে হয়।

তার কষ্ট লাঘবে লেখাপড়া শেষ করার আশা ছেড়ে দিয়ে চাকরির জন্য দরখাস্ত করি। তবে শেষ সময়ে এসে ভূমি না থাকায় স্বপ্ন ভেঙ্গে যাচ্ছে।

আমি প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাই অন্য তিন জনের যেভাবে চাকরি দিয়েছেন সেভাবে যেন আমাকে চাকরি টা দেন। আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো।

ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) মারুফ হোসেন সরদার বলেন, ‘ভূমিহীন হলে সেই সার্টিফিকেট জমা হলেই আমরা চাকরি দিচ্ছি। চাকরি হবে, এরকম তিনজনকে আমরা নিয়োগ দিয়েছি।

ইউএনও কার্যালয় বা ভূমি কার্যালয় থেকে প্রত্যয়নপত্র দিলেই আমরা নিয়োগ দেবো। গতকাল বৃহস্পতিবার রাতে হাসান সাভার উপজেলা সহকারী ভূমি কমিশনার কার্যালয় থেকে ভূমিহীন সনদপত্র দেওয়া হয়।

তবে হাসানের দাবি এসংক্রান্ত সনদপত্র তিনি জমা দিলেও তার নিয়োগ হচ্ছে না। তিন মাস পর নিয়োগ আবার দেওয়া হবে। সেসময় বিষয়টি বিবেচনা করা হবে বলে জানিয়ে দেওয়া হয়।

প্রসঙ্গত, পুলিশ কনস্টেবল পদে সব ধাপে কৃতকার্য হয়ে আসপিয়া ইসলাম, বরগুনার সজল ও খুলার মিমকে প্রশিক্ষণে ডাকা না হলে ব্যাপক আলোচনা হয়।

পরবর্তীতে প্রশিক্ষণের সুযোগ দেওয়া হয়। তাদের সুযোগ দেওয়ায় এখনও আশায় বুক বেঁধে আছেন হাসান সিদ্দিকী।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ