আজ ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে এপ্রিল, ২০২৬ ইং

গৃহকর্মীর হাত ভেঙে দিলেন পুলিশ পত্নী

নিজস্ব প্রতিবেদক :

ঢাকার সাভারে স্বপ্না (১৯) নামের এক গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ উঠেছে পুলিশ পত্নীর বিরুদ্ধে। ডিম ভুনা করা নিয়ে সময় ক্ষেপণের অভিযোগ তুলে স্বপ্নাকে রুটি বানাতে ব্যবহার করা কাঠের বেলন দিয়ে পিটিয়ে হাত ভেঙে দেয় পুলিশ পত্নী সুইটি বেগম।

শুক্রবার (১০ ডিসেম্বর) দুপুরে সাভার মডেল থানায় এ ব্যাপারে অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী স্বপ্না। এর আগে গতকাল বৃহস্পতিবার সকালে সাভারের তালবাগ এলাকার পুলিশ সদস্য শাহেদের কক্ষে এ ঘটনা ঘটে। পরে ওই গৃহকর্মী পালিয়ে ব্যাংক কলোনীর একটি মোটর গ্যারেজে আশ্রয় নেন।

নির্যাতনের শিকার স্বপ্না আক্তার জামালপুর জেলার দেওয়ানগঞ্জ থানার চরবক্সুর গ্রামের মৃত ছব্দুল মিয়ার মেয়ে। সংসারের অভাব মোচনের জন্য প্রায় দেড় বছর ধরে স্বপ্না বাসা বাড়িত কাজ করছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার সকালে ডিম ভুনা করতে বলেন পুলিশ পত্নী সুইটি বেগম। ডিম ভুনা করতে দেরি হওয়ায় রুটি বানানোর কাঠের বেলন দিয়ে তাকে মারপিট করেন। এসময় তার হাত ভেঙ্গে যায়। হাতে চোট পাওয়া অবস্থায় কাপড় ধোয়ার জন্য চাপ দেন সুইটি। হাতে প্রচন্ড ব্যাথার কারন দেখিয়ে কাপড় ধুতে পারবে না বলে জানায় স্বপ্না। এতে ক্ষিপ্ত হয়ে একই কাঠের বেলন দিয়ে আবারও এলোপাতাড়ি মারধর করেন পুলিশ পত্নী। এতে স্বপ্নার কপাল ফেটে রক্ত ক্ষরণ হয়। রক্ত দেখে চিৎকার চেচামেচি করলে ফ্রিজ থেকে দুধের জমাট বোতল দিয়ে সারা শরীরে পিটিয়ে জখম করে একটি রুমে আটকে রাখা হয় স্বপ্নাকে।

স্বপ্না  বলেন, আজ বাসায় কেউ না থাকায় পালিয়ে ব্যাংক কলোনী এলাকার একটি মোটর গ্যারেজ আশ্রয় নিয়ে বিষয়টি খুলে বলি। পরে স্থানীয়রা আমাকে সাভার মডেল থানায় নিয়ে আসেন। আমি একটি অভিযোগ দায়ের করেছি। দেড় বছর ধরে তাকে নির্যাতন করছেন বলে অভিযোগ করেছেন স্বপ্না। এর আগেও মেরে নাক ফাটিয়ে দিয়েছিল বলে জানান তিনি। বাড়ির সব কাজ আমার দ্বারা করাতেন। কিন্তু বেতন দিতেন না। দেড় বছরে মাত্র ১৩ হাজার টাকা আমাকে দিয়েছেন। আমাকে বাড়িতেও যেতে দিতেন না। কেউ অসুস্থ হলেও বাড়ি যেতে পারতাম না।

এব্যাপারে পুলিশ পত্নী সুইটি ও পুলিশ সদস্য শাহেদের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাদের কাউকেই পাওয়া যায় নি। তাদের বিস্তারিত পরিচয়ও জানা যায় নি।

সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মমিনুল ইসলাম বলেন, থানায় এ সংক্রান্ত একটি অভিযোগ দায়ের হয়েছে। ওই পুলিশ সদস্য কোথায় কর্মরত আছেন আমরা এখনও বিস্তারিত পাই নি। আমরা সেখানে পুলিশ পাঠিয়েছি। তদন্ত করে বিস্তারিত পরে জানানো হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ