আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

বঙ্গবন্ধু হত্যাকান্ডের সামরিক নেতৃত্বে জিয়াউর রহমান- প্রতিমন্ত্রী এনাম

নিজস্ব প্রতিবেদক :

বঙ্গবন্ধুকে হত্যাকান্ডের বেসামরিক নেতৃত্ব দিয়েছে খন্দকার মোশতাকের মত বেঈমান নেতারা এবং সামরিক নেতৃত্ব দিয়েছে জিয়াউর রহমান বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সরকারের দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান এনাম।

তিনি আরো বলেন, বরখাস্তকৃত সেনাকর্মকর্তাদের জিয়াউর রহমান নির্বিঘ্নে সেনানিবাসে প্রবেশ করতে দিয়েছেন। তাদের পরামর্শ দিয়েছেন, তাদের হাতে অস্ত্র তুলে দিয়েছেন। তারা বঙ্গবন্ধুকে হত্যা করেছে। সাভারে বঙ্গবন্ধুর ৪৬ তম শাহাদাৎ বার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সাভারের সাংসদ ও প্রতিমন্ত্রী এ কথা বলেন।

রবিবার(২৯ আগস্ট) বিকালে সাভারের পাথালিয়া ইউনিয়নের ঘুঘুদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে এ আয়োজন করা হয়।

এ অনুষ্ঠানে বিশেষ আলোচক হিসেবে আশুলিয়া থানা আওয়ামীলীগের আহবায়ক ফারুক হাসান তুহিন বলেন, আমরা যখন ছাত্রলীগের রাজনীতি শুরু করেছিলাম তখন মানুষ আমাদের দেখলে হাসতো। আমরা বঙ্গবন্ধুর হত্যাকান্ডের বিচারের দাবি করলে মানুষ আমাদের উপেক্ষা করত, অগ্রাহ্য করত। পাথালিয়া ইউনিয়নের কোন ওয়ার্ডে আওয়ামীলীগ জয়লাভ করতনা। আর পাথালিয়ায় আজকে আওয়ামীলীগের আয়োজনে হাজারো মানুষ উপস্থিত হয়েছেন এটা দেখলেই গর্বে বুক ভরে যায়।

এসময় বিশেষ আলোচক হিসেবে আরো বক্তব্য রাখেন সাভার উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব, ভাইস চেয়ারম্যান শাহাদাৎ হোসেন খান।

এ আয়োজনের সার্বিক তত্ত্বাবধান করেছেন আশুলিয়া থানা আওয়ামীলীগের আহ্বায়ক কমিটির সদস্য ফারুক হোসেন। এবং সভাপতিত্ব করেন পাথালিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল আউয়াল মাষ্টার।

এসময় আরো উপস্থিত ছিলেন ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, আশুলিয়া থানা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য কামরুল হাসান শাহিন, সাভার উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান আতিক সহ সাভারের বিভিন্ন পর্যায়ের আওয়ামীলীগ ও অংগসঙ্গঠনের নেতাকর্মীবৃন্দ। এ আয়োজনে হাজারো জনতা স্কুল মাঠ প্রাঙ্গনে জমা হয়। অনুষ্ঠান শেষে কয়েকশত মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ