আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

আশ্রয়ন প্রকল্প-২ এর অনিয়মের তদন্ত চলমান রয়েছে- ত্রাণপ্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক :

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বলেছেন, আশ্রয়ন প্রকল্প-২ এর অধিনে বিতরণ করা ঘর নির্মানে অনিয়মের ব্যাপারে তদন্ত চলমান রয়েছে।

শুক্রবার (২৭ আগস্ট) সন্ধ্যায় আশুলিয়ার পাথালিয়া আওয়ামী লীগের আয়োজনে নয়ারহাট গণবিদ্যাপাঠ উচ্চ বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধুর ৪৬ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত শোক সভায় যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী দেশে কেউ গৃহহীন থাকবে না। এই সারা দেশে প্রায় দুই লক্ষ ঘর বিতরণ করা হয়েছে। এর মধ্যে মুন্সিগঞ্জে ১২ থেকে ১৩ ঘরে ফাঁটল দেখা দিয়েছে। একটি জায়গায় মাটি ভরাট করে এই ঘর নির্মান করায় এমনটি হয়েছে বলে দাবি করেন তিনি।

তিনি বলেন, এব্যাপারে তদন্ত চলমান রয়েছে। ঘর নির্মানে কোন অনিয়ম হলে কাউকেই ছাড় দেওয়া হবে না। তবে অনেক ঘরে ফাঁটলের কথা সঠিক নয়।

এনামুর রহমান বলেন, আপনারা শুনেছেন দেশের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। রাজশাহী, নওগাঁ, কুষ্টিয়া, ফরিদপুর, রাজবাড়ি, শরিয়তপুর মাদারীপুরসহ ১০ জেলা প্লাবিত হয়েছে। এসব জেলায় আমরা ইতিমধ্যে ৮৭ লক্ষ টাকা ও শুকনা খাবার পাঠিয়েছি। এসব জেলা প্রশাসকের মাধ্যমে বিতরণ করা হবে।

তিনি আরও বলেন, আমরা বন্যা পরিস্থিতি নিয়ে সজাগ রয়েছি। পর্যাপ্ত প্রস্তুতি আমাদের রয়েছে। আমাদের শুকনো খাবার বরাদ্দ রয়েছে। পরিস্থিতি অনুযায়ী সময় মত সব ধরনের সহযোগিতা করা হবে।

ত্রাণ প্রতিমন্ত্রী বলেন, স্বাধীনতার পর থেকেই স্বাধীনতা বিরোধী শক্তিরা বিএনপি ও জামায়াত আলবদরসহ বিভিন্ন দলে যোগ দিয়ে বহিঃর্বিশ্বে বঙ্গবন্ধুকে বিব্রত করার চেষ্টা করেছে। তারা ষড়যন্ত্র করে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের হত্যা করেছে। এখনও তারা সক্রিয় রয়েছে। তাই কোন অবস্থাতেই বিএনপি জামায়াতের কোন নেতাকর্মী যেন আওয়ামী লীগের কোন সংগঠনে স্থান না পায় সেদিকে নজর রাখতে হবে।

সবশেষে বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, সাভার উপজেলা চেয়ারম্যান মঞ্জরুল আলম রাজীব, ভাইস চেয়ারম্যান শাহাদাত হোসেন খান, আশুলিয়া থানা আওয়ামী লীগের আহবায়ক ফারুক হাসান তুহিন,  পাথালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেনসহ আরও অনেকে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ