নিজস্ব প্রতিবেদক :
গাইবান্ধায় মাদক মামলায় পারভেজ মিয়া (২৫) নামে এক বাস সুপারভাইজারকে মৃত্যুদন্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সাথে তাকে এক লাখ টাকা অর্থদ- করা হয়। এছাড়াও এ মামলায় অপর তিন আসামীকে খালাস দেয়া হয়েছে। আসামিদের উপস্থিতিতে মঙ্গলবার (১৭ আগস্ট) বেলা ১২টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক এ আদেশ দেন। মৃত্যু দন্ড-প্রাপ্ত পারভেজের বাড়ি বগুড়া সদর উপজেলার ধর্মপুর দিলদার পাড়া গ্রামে। মামলায় খালাসপ্রাপ্তরা হলেন, আফাজ উদ্দিন, দুদু মিয়া, সাইদুল ইসলাম।মামলার এহাজারে বলা হয়, ২০১৮ সালে গাইবান্ধার গোবিন্দগঞ্জের বাগদা বাজার এলাকায় ৪৫০ গ্রাম হোরোইনসহ পারভেজকে আটক করে র্যাব। সাম্যরাজা-১ পরিবহণ নামে একটি লোকাল বাসে হোরোইন পাচারের তথ্য পেয়ে ওই অভিযান পরিচালনা করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়র (র্যাব)-১৩। ওইদিন র্যাবের পক্ষ থেকে একটি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। পরে তাকে গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তর করে র্যাব। পরবর্তীতে আদালতে এ মামলার চার্জশিট দেয় পুলিশ।আদালতের পাবলিক প্রসিউকিটর (পিপি) ফারুক আহম্মেদ প্রিন্স জানান, দীর্ঘ শুনানি ও সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক ফাঁসির আদেশ দেন। সাথে এক লাখ টাকা জরিমানাও করেন বিচারক। তিনি আরও বলেন, মাদক মামলায় গাইবান্ধায় ২য় ফাঁসির রায় এটি। চলতি বছরের গত ৩ মার্চ গাইবান্ধার আদালতে রবি দাস নামে এক যুবককে মাদক মামলায় প্রথম মৃত্যুদন্ড- প্রদান করে। সাথে এক লাখ টাকা জরিমানাও করা হয়।