নিজস্ব প্রতিবেদক :
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় চাঞ্চল্যকর সানোয়ার হত্যা মামলার ৪ আসামি কে গ্রেফতার করেছে উল্লাপাড়া মডেল থানা পুলিশ । শনিবার (১০ জুলাই) রাতে অভিযান চালিয়ে উপজেলার সলঙ্গা থানার চরগোজা গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো উল্লাপাড়া উপজেলার চরবেড়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে হিরা (২৬),ছোলেমানের ছেলে শরিফ (৩৮),আমজাদের ছেলে মাহমুদুল (২৭), ইসমাইলের ছেলে রুবেল (২৯),। এসময় তাদের কাছে থেকে ১ টি মোটর সাইকেল জব্দ করা হয়।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক কুমার দাস রবিবার সকালে এক প্রেস ব্রিফিং এ জানান,গত ২০ সালের ৮ জুলাই সলঙ্গা থানার চরগোজা গ্রামের আলিমুদ্দির ছেলে সানোয়ার হোসেন নিখোঁজ হয়। তার নিখোঁজের ৩ দিন পর নদী থেকে অর্ধ গলিত অজ্ঞাত লাশ উদ্ধার করে উল্লাপাড়া মডেল থানা পুলিশ। লাশের পড়নে থাকা কাপড় দেখে প্রাথমিক ভাবে সনাক্ত করে তার পরিবার। সেই পেক্ষিতে সলঙ্গা থানায় একটা জিডি করা হয়৷ পরে ময়নাতদন্তের জন্য লাশ সিরাজগঞ্জ মর্গে পাঠানো হয়। মৃত ব্যক্তির ডি,এন,এ রিপোর্ট আসে এক মহিলার। পরে বিজ্ঞ আদালতের আদেশে মৃত ব্যক্তির লাশ কবর থেকে উত্তোলন করে তার দুই ছেলের ডি এন,এ এবং মৃত ব্যক্তির ডি,এন,এ রিপোর্ট আবার পাঠানো হয়। পরবর্তী রিপোর্ট ২১ সালের ৭ জুলাই মৃত ব্যক্তির ডি,এন,এ এবং তার জমজ দুই ছেলের ডি,এন,এ রিপোর্ট মিলে যায়। পরে মৃত ব্যক্তির স্ত্রী সেলিনা খাতুন ২১ সালের ৮ জুলাই বাদী হয়ে উল্লাপাড়া মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করে। সেই মামলার প্রেক্ষিতে তাদের গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীরা সানোয়ার হত্যার কথা স্বীকার করে বলেন,পারিবারিক কলহের জের ধরে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
রবিবার দুপুরে তাদের সিরাজগঞ্জ জেলা হাজতে প্রেরণ করা হয়েছে।