আজ ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ ইং

ডাকাতি হওয়া ট্রাকসহ ৭ ডাকাত গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক :

সিরাজগঞ্জ শহরের কাজিপুর মোড় এলাকা থেকে গত বুধবার (১৯ মে) গভীর রাতে ডাকাতি হওয়া ট্রাক ও মালামাল সহ সংঘবদ্ধ চক্রের ৭ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত সংঘবদ্ধ ডাকাত চক্রের সদস্যরা হলেন পাবনা জেলার ঈশ্বরদীর খেরু মালের ছেলে নাসিম মাল, রাজাপুর থানার নজরুল মোল্লার ছেলে রফিক মোল্লা, কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার মৃত রহমত মোল্লার ছেলে ইমরান আলী, রব্বানীর ছেলে রাজু আহমেদ, মৃত ছেকেন প্রামাণিকের ছেলে সাহাবুল ইসলাম, নাসির উদ্দিনের ছেলে রোকনুজ্জামান ও সিরাজগঞ্জ জেলার পৌর এলাকার নুর ইসলামের ছেলে নয়ন শেখ।
শুক্রবার (২১ মে) সিরাজগঞ্জ সদর থানা প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্নিগ্ধ আক্তার জানান, সিরাজগঞ্জের ব্যবসায়ী মো. আব্দুল মালেকের ৪০৫ বস্তা ভুসির ট্রাক গত বুধবার (১৯ মে) রাতে সিরাজগঞ্জ পৌর এলাকার জগাই মোড়ে পৌঁছলে ৪ জন ডাকাত ট্রাকের চালক ও হেলপারকে অস্ত্র দেখিয়ে হাত পা বেঁধে রেখে ট্রাকটি নিয়ে পালিয়ে যায়। পরে চালক ও হেলপার রাতে মালিকের সঙ্গে যোগাযোগ করে থানায় মামলা দায়ের করেন। পুলিশ সোর্স ও প্রযুক্তি ব্যবহার করে সিরাজগঞ্জ সদর থানা টিমের এস আই জাফর, এস আই সাইফুল-২, এস আই মেহেদী ও সঙ্গীয় ফোর্স এবং কুষ্টিয়া জেলা পুলিশের সহায়তায় ২৪ ঘন্টার মধ্যে ডাকাতদের আটক করে। তাদের দেওয়া তথ্য অনুযায়ী বিভিন্ন স্থান থেকে ৩৪২ বস্তা ভুসি ও ট্রাকটি উদ্ধার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার বলেন, আটক ডাকাতরা আন্তঃ জেলা ডাকাত দলের সদস্য। তাদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।
ডাকাতি হওয়া ট্রাক ও মালামাল সহ সংঘবদ্ধ ৭ ডাকাতকে গ্রেফতার হওয়াতে সিরাজগঞ্জের ব্যাবসায়িদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। ব্যবসায়ীরা পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন এবং ডাকাতদের শাস্তি প্রদান করা দাবি জানান।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ