রাবি প্রতিনিধি :
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উপলক্ষে জয়পুরহাট জেলা সমিতি, রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ‘বৃক্ষরোপণ সপ্তাহ’ উদযাপন করেছে। গত ১০ জুলাই থেকে সপ্তাহব্যাপী এই কর্মসূচিতে জেলার ৫টি উপজেলায় বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রাঙ্গণে শতাধিক ফলজ, বনজ এবং ঔষধি বৃক্ষরোপণ করা হয়।
উক্ত কার্যক্রমের আওতায় জয়পুরহাট সরকারি কলেজ মাঠে বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রভাষক এ.ই.এম. মাসুদ রেজা, রাবির সাবেক শিক্ষার্থী এহসানুজ্জামান নাজমুল, নিগার সুলতানা, জয়পুরহাট জেলা সমিতির সহ-সভাপতি গগন পাল, যুগ্ম-সম্পাদক সাজিয়া আফরিন তুলি সহ আরো অনেকে। পাঁচবিবি উপজেলায় জেলা সমিতির প্রচার সম্পাদক আসলাম হোসেনের নেতৃত্বে মহীপুর মওলানা ভাষানী উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ করা হয়।
আক্কেলপুর উপজেলায় জেলা সমিতির সভাপতি আব্দুল ওয়াহেদের উদ্যোগে গোপীনাথপুর উচ্চ বিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফলজ বৃক্ষ রোপণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন রাবি’র সাবেক ছাত্র ও সরকারি মুজিবর রহমান কলেজের অধ্যক্ষ মোকসেদ আলী, গোপীনাথপুর ইউপি চেয়ারম্যান আবু ছাইদ জোয়ারদার, গোপীনাথপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রুহুল আমিন, রাবি’র সাবেক ছাত্র ও গোপীনাথপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.বি. সিদ্দিকী প্রমুখ।
কালাই উপজেলায় জেলা সমিতির শিক্ষা বিষয়ক সম্পাদক আবু বক্কর সিদ্দিকির প্রতিনিধিত্বে বৃক্ষরোপণ করা হয়। কালাইয়ের মাত্রাই মডেল কলেজ মাঠে বৃক্ষরোপণ অভিযানে অংশগ্রহন করেন রাবি’র রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষার্থী ও মাত্রাই ইউপি চেয়ারম্যান আ.ন.ম শওকত হাবিব তালুকদার। কালাই সরকারি মহিলা কলেজ মাঠে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহন করেন রাবি’র সাবেক শিক্ষার্থী ও কালাই সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক রেজাউল করিম।
কালাইয়ের উদয়পুর ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন উদয়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়াজেদ আলী। এছাড়াও জেলার বিভিন্ন স্থানে শিক্ষার্থীরা নিজ বাসস্থানের আশেপাশে বৃক্ষরোপণ করেন।
জেলা সমিতির সাধারণ সম্পাদক বিবেক মোর বলেন, স্বাধীনতার পর বঙ্গবন্ধু একটি সবুজ বাংলাদেশ গড়ে তোলার স্বপ্নের বীজ বপন করে দিয়েছিলেন। যুদ্ধের সময় প্রকৃতির যে ক্ষতি হয়েছিল, সে ক্ষতি কাটিয়ে ওঠার জন্য তিনি দেশব্যাপী বৃক্ষরোপণ কার্যক্রম হাতে নিয়েছিলেন। গণভবন, বঙ্গভবন ছাড়াও সোহরাওয়ার্দী উদ্যানের অনেক গাছ বঙ্গবন্ধুর স্মৃতি বহন করে। তাঁর এ স্বপ্ন পূরণের ধারাবাহিকতা রক্ষায় জন্মশতবার্ষিকী উপলক্ষে আমরা এ ক্ষুদ্র প্রচেষ্টা গ্রহণ করি।
এ কর্মসূচিতে সার্বিক দিক-নির্দেশনা দিয়েছেন রাবির আইন বিভাগের সহকারী অধ্যাপক সাদিকুল ইসলাম সাগর, জয়পুরিয়ান ট্রাস্টের কো-অর্ডিনেটর মাসুদুর রহমান রানা, বিশিষ্ট সমাজসেবক এহসান মাহফুজ, রাজশাহী সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান মিশু প্রমুখ।