রাবি প্রতিনিধি :
রাজশাহী ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এন্ড বিজনেস সোসাইটি (আরইউআইএবিএস) এর আয়োজনে বিগত ১ থেকে ১০ জুলাই সফলভাবে আয়োজিত হলো ‘ব্রেকথ্রু : এ কার্নিভাল ফর ইফিসিয়েন্ট ওয়ার্ক’। করোনাকালে শিক্ষার্থীদের পেশাগত জীবনের উপযোগী দক্ষতা অর্জনের উদ্দেশ্যকে সামনে রেখে অনলাইনেই কার্নিভালটি আয়োজিত হয়।
এ আয়োজনে রিপোর্ট রাইটিং, ফটোগ্রাফি কন্টেস্ট, ছোট গল্প ও কবিতা লেখা, পোট্রেয়িং ক্যানভাস এর মত জনপ্রিয় প্রতিযোগিতার পাশাপাশি কালচারাল রিপ্রেজেন্টেশন, হিস্টোরিকাল ফ্যাক্টবুক, ইনফোগ্রাফিক্স কন্টেস্ট এবং টার্ন অফ ইভেন্টসহ মোট ৮টি প্রতিযোগিতা আয়োজিত হয় বলে জানান আয়োজকরা। কার্নিভালে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি বিদেশি প্রতিযোগীরাও অংশ নেয়।
প্রধান সমন্বয়কারী সিজদা সিনহা ছোঁয়া জানান, নতুন সংগঠন হিসেবে আমরা বড় পরিসরে প্রথম আয়োজনটি করতে চেয়েছিলাম। কিন্তু করোনা মহামারীতে ক্যাম্পাস বন্ধ হয়ে যাওয়ায় অনলাইনেই আয়োজন করতে হলো।
এছাড়া সার্বিক দায়িত্বে থাকা প্রেসিডেন্ট শারার মাহবুব ধ্রুব বলেন, বর্তমান প্রতিযোগিতার বাজারে কর্মক্ষেত্রে বিষয় ভিত্তিক দক্ষতার পাশাপাশি নানা ধরনের টেকনিক্যাল স্কিল ও বিশ্লেষণ ক্ষমতা খুবই প্রয়োজনীয়। তাই আমরা চেয়েছিলাম নতুন ধরনের কিছু নিয়ে আসতে।বাংলাদেশে আমরাই প্রথম প্রতিযোগিতা আকারে ইনফো গ্রাফিক্স ও টার্ন অফ ইভেন্ট এর যাত্রা শুরু করলাম। যেখানে ইনফো গ্রাফিক্সে প্রতিযোগীদের বিভিন্ন দেশের করোনা পরিস্থিতি গ্রাফিক্স কন্টেন্টের মাধ্যমে পোস্টার আকারে দেখাতে হয় এবং টার্ন অফ ইভেন্টে বিভিন্ন ঐতিহাসিক যুদ্ধে হেরে যাওয়া পক্ষের ক্ষেত্রে প্রতিযোগীদের তাদের কৌশল বিশ্লেষন করতে হয়।
আয়োজক কমিটির প্রধান দায়িত্বে চিফ কো-অর্ডিনেটর হিসেবে ছিলেন সংগঠনটির প্রেসিডেন্ট শারার মাহবুব ধ্রুব, প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করেন সংগঠনের সাধারন সম্পাদক সিজদা সিনহা ছোঁয়া। এছাড়া সার্বিক দায়িত্বে চিফ অফ ম্যানেজমেন্ট হিসাবে ছিলেন যুগ্ম সম্পাদক ওয়াহিদ উজ্জামান সিফাত। এছাড়াও বিভিন্ন সেক্টর ভিত্তিক দায়িত্বে ছিলেন রবিন ফাহাদ খান, তানজিলা আক্তার কলি, ফারহানা আফরোজ রিনি, রকিবুল ইসলাম শুভ, হাসিবুল হাসান, শাহোরিমা আরেফিন কেয়া, শুভ কুমার দে, জোহরা ইসলাম মুনজীয়া, মেহেজাবিন জাহান, আবিদ হাসান, কোহেলী আক্তার সহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।
উল্লেখ্য, আরইউআইএবিএস রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পরিচালিত একটি স্বেচ্ছাসেবী সংগঠন যারা শিক্ষার্থীদের নানা ধরনের স্কিল ডেভেলপমেন্টের জন্য কাজ করে। এ বছরের ১লা জানুয়ারী থেকে তাদের যাত্রা শুরু হয়।