কাইয়ুম সুলতানঃ
মৌলভীবাজার সদর উপজেলার ২ নং মনুমুখ ইউনিয়নের স্বর্ণপদক প্রাপ্ত সাবেক চেয়ারম্যান সুজন মিয়া(৬০) এর মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে।
বুধবার (৮ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে তার নিজ বাড়ি থেকে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ। সকালে তার বাড়ির কেয়ারটেকার সিলিংয়ের রডের সাথে রশি দিয়ে সুজন মিয়ার ঝুলন্ত লাশ দেখতে পায়। পরে আশ পাশের লোকজনকে খবর দিলে তারা পুলিশকে বিষয়টি জানান।
মৌলভীবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জিয়াউর রহমান ও মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।
ইউপি মেম্বার সায়েদ আলী জানান, সকাল সাড়ে ৯ টার দিকে আমাকে ফোন করে বিষয়টি জানানো হলে আমি ঘটনাস্তলে এসে সুজন মিয়ার ঝুলন্ত লাশ দেখতে পাই। তিনি একজন ভালো মানুষ ছিলেন, আমার জানা মতো তার কোনো দুশমন নেই।
এব্যাপারে সদর সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জিয়াউর রহমান বলেন, প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা না আত্মহত্যা তা বিস্তারিত তদন্তের মাধ্যমে জানা যাবে।