রাবি প্রতিনিধি :
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) পরিবহনে যুক্ত হলো চারটি নতুন বাস। সোমবার বিশ্ববিদ্যালয়ের ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বাস চারটি সরবরাহ প্রতিষ্ঠান নিটোল টাটার কাছ থেকে বুঝে নেয় প্রশাসনের বাস ক্রয় সংক্রান্ত কমিটি।
বিশ্ববিদ্যালয়ের পরিবহন দফতরের প্রশাসক ড. এফ এম আলী হায়দার জানান, ২০১৯-২০ অর্থ বছরে পাশ হওয়া বাজেট অনুযায়ী চারটি বাসের জন্য চলতি বছর জানুয়ারি মাসে ওপেন টেন্ডার হয়। প্রথমে বাস নির্মাতা প্রতিষ্ঠান অশোক লেল্যান্ড টেন্ডার পেলেও পরে তা নিটোল টাটা পায়। এই প্রতিষ্ঠান থেকে চারটি বাস ক্রয় করে বিশ্ববিদ্যালয়।
পরিবহন প্রশাসক আরও জানান, টাটার ‘এলপিও ১৬১৩’ মডেলের ৫২ আসনের এই বাস প্রতিটি ৩৩ লক্ষ ৩৮ হাজার টাকা ব্যয়ে কেনা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ, প্রধান প্রকৌশলীসহ কর্মকর্তাদের নিয়ে গঠিত একটি কমিটি সোমবার নিটোল টাটার কর্মকর্তাদের কাছ থেকে বাসগুলো বুঝে নেন। বাসগুলো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাদের জন্য ব্যবহৃত হবে।
এই বিষয়ে উচ্ছ্বাস প্রকাশ করে বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান বলেন, শিক্ষক-শিক্ষার্থী-কমকর্তা মিলে বিশাল পরিবারের জন্য বিশ্ববিদ্যালয়ের পরিবহন ব্যবস্থা রয়েছে। তবে তা চাহিদার তুলনায় অপ্রতুল। সেই সংকট মাথায় রেখে বিশ্ববিদ্যালয়ের জন্য বাসগুলো সংযুক্ত করা হয়েছে। বিষয়টি আনন্দের যে বাসগুলো বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকীর দিনই পেয়েছি।
উল্লেখ্য, নতুন চারটি বাস সংযোজিত হওয়ায় রাবির পরিবহন বহরে মোট বাস এখন ৩৩টি।