নিজস্ব প্রতিবেদক :
সাভারে অপহরণ করে মুক্তিপণ আদায়ের সময় অপহৃতসাইফুল ইসলাম তুষার (২৭) কে উদ্ধারসহ অপহরণকারী চক্রের ১ সদস্যকে হাতেনাতে আটক করেছে পুলিশ।
সোমবার (২৯ জুন) রাতে শাহীবাগ এলাকায় একটি বাড়ি থেকে অপহৃত ব্যক্তিকে উদ্ধারসহ একজনকে আটক করা হয়৷
আটক ফজলু (৩৭) সিংগাইর থানার ধল্লা গ্রামের নাসিরের ছেলে৷
অপহতের শিকার সাইফুল ইসলাম তুষারসিআরপি রোড ডগরমোরা পল্লিবিদ্যুত অফিস এলাকার রফিকুল ইসলামের ছেলে। তিনি ড্যাফডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী৷
ভুক্তভোগী সাইফুল ইসলাম তুষার জানান, আজ বিকাল চারটার দিকে বাসার পাশে শিমুলতলা থেকে তাকে অপহরণ করে শাহীবাগ এলাকায় একটি বাসায় আটকে রেখে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। এসময় তুষারের কাছে থাকা ২৫ হাজার টাকা অপহরণকারীরা ছিনিয়ে নেয়। পরে সেই টাকা ভাগাভাগির সময় তিন অপহরণকারীর ভেতরে বিভেদ সৃষ্টি হলে একজন টাকা নিয়ে পালিয়ে যায় ও আরেকজন পরিবারকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ গিয়ে তুষারকে উদ্ধার করে ও ফজলুকে আটক করে৷
সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আলমগীর হোসেন বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে তুষারকে উদ্ধার করি ও সেই সাথে ফজলু নামের একজনকে আটক করে নিয়ে আসি।বিষয়টি নিয়ে ভুক্তভোগীরা অভিযোগ করলে মামলা দায়ের করা হবে।