নিজস্ব প্রতিবেদক :
বন্যা দুর্গত এলাকায় মানুষ, গৃহপালিত পশু-পাখি ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী বন্যা আশ্রয়কেন্দ্রে স্থানান্তরের কাজে ব্যবহারের জন্য নির্মান করা হবে ৬০ টি রেসকিউ বোট। এর মধ্যে ৮ টি বোট নির্মান সম্পন্ন হয়েছে। এই ৮ টি বোট গ্রহণ করেছেন দুর্যোগ ব্যবস্থাপনক ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।
বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) দুপুরে আনুষ্ঠানিক ভাবে ৬০ টির মধ্যে নির্মান সম্পন্ন হওয়া ৮ টি রেসকিউ বোট গ্রহণ করেন তিনি। এর আগে গত বছরের ২১ জুলাই নৌবাহিনী তত্ত্বাবধানে পরিচালিত ডকইয়ার্ড এন্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডকে রেসকিউ বোট নির্মানের দায়িত্ব দেওয়া হয়।
প্রতিমন্ত্রী এনামুর রহমান এসব তথ্য তার ব্যক্তিগত ফেইসবুকে আজ দুপুর সাড়ে ১২ টার দিকে পোস্ট করেন।
ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান তার ফেইসবুকে লেখেন, আজকের দিনটি আমার জন্য স্মরণীয় একটি দিন, আনন্দেরও বটে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা প্রখ্যাত অটিজম বিশেষজ্ঞ সায়মা ওয়াজেদ পুতুলের স্বপ্নের রেসকিউ বোট আজ আর স্বপ্নে নয়, বাস্তবতা।
সায়মা ওয়াজেদ পুতুল এমন একজন মানুষ যিনি দেশচিন্তায় শুধু নয়, নিজেকে নিয়োজিত রাখেন বিশ্বমানবের কল্যাণে।
তিনি বলেন, রেসকিউ বোটগুলো বন্যাকবলিত এলাকার মানুষ, গৃহপালিত পশু-পাখি ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী বন্যা আশ্রয়কেন্দ্রে স্থানান্তরের কাজে ব্যবহার করা হবে। নারী, শিশু ও প্রতিবন্ধীদের রেসকিউ বোটের মাধ্যমে নিরাপদে উদ্ধার ও স্থানান্তর কাজ পরিচালনায় বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। প্রতিটি বোটে একটি ফার্স্ট এইড বক্স, একটি হুইলচেয়ার, একটি স্ট্রেচার, একটি ওয়াকিং ফ্রেম, দুটি আলাদা টয়লেট, যার একটি সবার জন্য উন্মুক্ত এবং অন্য একটি সিনিয়র সিটিজেনদের জন্য ব্যবহার করা যাবে। প্রতিটি বোটে ৮০ জন যাত্রী ছাড়াও গৃহপালিত পশুপাখি ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী বহন করা যাবে।
তিনি আরও বলেন, এই বোটের নকশা, প্রতিবন্ধীদের জন্য সকল সুবিধা সংযোজন- এসব কিছুর সঙ্গে একান্ত দিক নির্দেশনা দিয়েছেন সারা বিশ্বে অটিস্টিক শিশুর অধিকার প্রতিষ্ঠায় নিবেদিত প্রাণ সায়মা ওয়াজেদ পুতুল।
তিনি বলেন, ২৭ কোটি টাকা ব্যয়ে ৬০ টি রেসকিউ বোট নির্মাণের জন্যে গত বছরের ২১ জুলাই আমরা কার্যাদেশ গিয়েছিলাম নৌবাহিনী তত্ত্বাবধানে পরিচালিত ডকইয়ার্ড এন্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড কে।
এসময় এনামুর রহমান বলেন, আজ আমরা ৮ টি বোট গ্রহন করলাম। প্রতিবছর ২০টি করে তিন বছরে ৬০টি বোট সরবরাহ করা হবে। প্রতিটি বোট নির্মাণে খরচ হচ্ছে ৪৫ লাখ টাকা।