নিজস্ব প্রতিবেদক :
সাভারের জাতীয় স্মৃতিসৌধের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে লাল পতাকা হাতে আওয়ামী লীগের ঝটিকা স্লোগান দিতে দেখা গেছে। এসময় স্মৃতিসৌধ এলাকা থেকে তিন জনকে আটক করেছে পুলিশ।
বুধবার (২৬ মার্চ) সকালে সাভার জাতীয় স্মৃতিসৌধ কমপ্লেক্স এর ভেতর থেকে আটক করে আশুলিয়া থানা পুলিশ।
আটকৃতরা হলেন, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগের মহাসচিব সিরাজগঞ্জ জেলার সেলিম রেজা (৪৭), মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম (৫০) ও আশুলিয়ার দক্ষিন গাজীরচট সোহেল পারভেজ (৪১)।
জানা গেছে, বেলা সাড়ে ১১ টার দিকে জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদিতে ফুলেল শ্রদ্ধা জানায় কয়েক জন লোক। এসময় তারা হাতে লাল পতাকে নিয়ে আওয়ামীলীগের বিভিন্ন শ্লোগান দেয়। পরে উপস্থিত জনতা তাদের ধাওয়া দিয়ে কয়েক জনকে মারধর করে। এসময় পুলিশ ঘটনাস্থল থেকে আওয়ামী লীগ সন্দেহে তিনজনকে আটক করে নিয়ে যায়।
ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহিনুর কবির বলেন, আনুমানিক ১১ টার সময় জাতীয় স্মৃতি সৌধে উস্কানিমূলক স্লোগান দিয়ে মহান স্বাধীনতা দিবসে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছিলো। এসময় তাদের আটক করে আশুলিয়া থানায় নিয়ে আসা হয়েছে। তারা সবাই আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।