আজ ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৬ ইং

সিরাজগঞ্জ এর কাজীপুরে চার প্রার্থীকে অর্থদণ্ড

নিজস্ব প্রতিবেদক :

পঞ্চমধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিধি নিষেধ ভঙ্গ করছেন বেশিরভাগ ইউপি সদস্যপ্রার্থী। সিরাজগঞ্জের কাজীপুরে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন ঠেকাতে মাঠে কাজ করছেন প্রশাসন।

ভ্রাম্যমাণ আদালতে তাঁদেরকে অর্থদণ্ডও করা হচ্ছে। তারপরও একেরপর এক আচরণ বিধি ভঙ্গের ঘটনা ঘটছে। গত শনিবার ৪ জন ও রোববার ৪ জনকে বিধি লঙ্ঘনের দায়ে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

দ্বিতীয় দিন রোববার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার সোনামুখী ও চালিতাডাঙ্গা ইউনিয়নে অভিযান চালিয়ে এই দণ্ডাদেশ দেন কাজীপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবিএম আরিফুল ইসলাম। এসময় তাঁকে সহযোগিতা করেন পুলিশ ও আনসার সদস্যগণ।

জানা গেছে, প্রতিটি ওয়ার্ডে দুই থেকে সর্বোচ্চ ১২ জন পুরুষ ও নারী ইউপি সদস্যপ্রার্থী ভোটের মাঠে লড়ছেন। ফলে আচরণবিধি লঙ্ঘনের ঘটনাও ঘটছে প্রতিনিয়ত।

আচরণবিধি লঙ্ঘন করে শোডাউন ও মিছিল করার দায়ে সোনামুখী ইউনিয়নের হরিনাথপুর এবং চালিতাডাঙ্গা ইউনিয়নের কবিহার ও মাথাইলচাপড় ওয়ার্ডের চার প্রার্থীর প্রত্যেককে ৫ হাজার করে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।

কাজীপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবিএম আরিফুল ইসলাম জানান, নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন ঠেকাতে কাজ করে যাচ্ছি। প্রার্থীদেরকে সতর্ক করছি। আচরণবিধি ভঙ্গের দায়ে অর্থদণ্ডও করা হচ্ছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ