নিজস্ব প্রতিবেদক :
মানিকগঞ্জের সিঙ্গাইরে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে কায়সার আহাম্মেদ (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
গত বুধবার দিবাগত রাত ১টার দিকে সিঙ্গাইরের চারিগ্রাম ইউনিয়নের দাসের হাটি গ্রামের আলমমারা ব্রিজের পাশে এ ঘটনা ঘটে। এ সময় র্যাবের দুজন সদস্যও গুলিবিদ্ধ হয়েছেন।
র্যাবের দাবি, নিহত কায়সার আন্তজেলা ডাকাত দলের সর্দার। তাঁর বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় চুরি-ডাকাতিসহ বিভিন্ন অপরাধে ৯টি মামলা রয়েছে। তিনি জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার জয়হার গ্রামের লোকমান হোসেনের ছেলে।
ময়নাতদন্তের জন্য তাঁর লাশ মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আহত র্যাব সদস্যদের উদ্ধার করে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে।
র্যাব আরও জানায়, ঘটনাস্থল থেকে ২টি পিস্তল, ২টি রামদা, ১টি চাপাতি, ২টি চাকু, ২টি টর্চলাইটসহ ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।
র্যাব সদর দপ্তরের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক আ ন ম ইমরান খান জানান, বুধবার দিবাগত রাতে চারিগ্রাম ইউনিয়নে মাদকদ্রব্য উদ্ধার অভিযানে যাচ্ছিল র্যাব-৪-এর একটি দল।
আলমমারা ব্রিজ এলাকায় পৌঁছালে র্যাবের গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ে ডাকাতেরা। র্যাব পাল্টা গুলি চালালে ঘটনাস্থলেই ডাকাত সর্দার কায়সার নিহত হন এবং অন্য ডাকাতেরা পালিয়ে যান। এ সময় ডাকাতদের গুলিতে র্যাবের ২ সদস্য আহত হন।
র্যাবের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে সিঙ্গাইরে র্যাবের ওপর হামলার বিষয়ে জানতে চাইলে বাহিনীর মুখপাত্র খন্দকার আল মঈন সাংবাদিকদের বলেন, ‘র্যাবের ওপর হামলা নতুন কিছু নয়। কিছুদিন আগেও কুমিল্লায় র্যাবের ওপর হামলা হয়েছে।
সেখানে র্যাবের এক সদস্য আহত হয়েছেন। তাঁকে আইসিইউতে নিয়ে গুলি বের করতে হয়েছে। মাদকবিরোধীসহ বিভিন্ন অভিযানে র্যাবের ওপর হামলা হয়েছে।
এসব হামলায় র্যাবের ২৯ জন সদস্য শহীদ হয়েছেন। আহত হয়েছেন প্রায় ১ হাজারের বেশি সদস্য। বিভিন্ন অভিযানে সন্ত্রাসীদের হামলা থাকবেই। এটা মেনে নিয়েই আমরা কাজ করছি।’