আমিনুর রহমান, সিংগাইর (মানিকগঞ্জ):
মানিকগঞ্জের সিংগাইরে বিদ্যুতের খুঁটির সাপোর্টিং টানা তারে বিদ্যুৎপৃষ্ট হয়ে মোঃ মকবুল হোসেন(৩২) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার সকাল ৯ টার দিকে উপজেলার ধল্লা ইউনিয়নের জায়গীর উত্তরপাড়া এলাকায় দুর্ঘটনা ঘটে। নিহত যুবক ওই গ্রামের মোঃ রহিম মোল্লার ছেলে ও ১ সন্তানের জনক বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, অনেকদিন আগে একই গ্রামের মৃতঃ মোন্নাফ মোল্লার স্ত্রী জরিনা বেগম তার জমিতে স্থাপিত বিদ্যুতের খুঁটির সাপোর্টিং টানা তার কেটে ফেললে স্থানীয়রা পল্লী বিদ্যুৎ অফিসকে জানায়। তারা কোন ব্যবস্থা নেয়নি। বৃষ্টির পানির স্পর্শে ওই তারে বিদ্যুৎ সঞ্চালন হয়। নিহত মকবুল হোসেন সকালে পাশের জমিতে ঘাস কাটতে গেলে ওই তারে পা জড়িয়ে তার মর্মান্তিক মৃত্যু হয়। স্থানীয়রা তাকে পড়ে থাকতে দেখে পরিবারের লোকজনকে খবর দেয় এবং বিদ্যুৎ অফিসে যোগাযোগ করে লাইন বন্ধ করে তাকে মৃত উদ্ধার করা হয়।
এদিকে লোকজন জরিনা বেগমকে আটক করলে তার কাটার কথা স্বীকার করেন এবং মীমাংসার জন্য যে কোন সিদ্ধান্ত মেনে নিবেন বলে জানান।