আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ ইং

সাভার এনাম মেডিকেলে মুক্তিযোদ্ধাদের বিনামূল্যে চিকিৎসার ঘোষণা 

নিজস্ব প্রতিবেদক :

এনাম মেডিকেল অ্যান্ড কলেজ হাসপাতালে সাভারের মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের বিনামূল্যে যাবতীয় চিকিৎসার ঘোষণা দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।

রবিবার (২৭ মার্চ) বিকেলে সাভারের বিরুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সেলিম মন্ডলের আয়োজনে সাভারের বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধণা ও আলোচনা সভায় যোগ দিয়ে তিনি এই ঘোষণা দেন।

এসময় ডা. এনামুর রহমান বলেন, যাদের আত্মত্যাগ ও রক্তের বিনিময়ে আমরা বাংলাদেশ পেয়েছি তাদের কাছে আমরা ঋণী।

রক্তের ঋণ শোধ করা যায় না। তাদের প্রতি আমাদের দায়িত্ব রয়েছে। সেই দায়িত্ব থেকে আমি তাদের চিকিৎসা ফ্রি করে দিয়েছি।

প্রতিমন্ত্রী বলেন, মুক্তিযোদ্ধাদের জন্য আমার এনাম মেডিকেলের দরজা সব সময় খোলা রয়েছে। এর আগেও আমি এই ঘোষণা দিয়েছিলাম।

কিন্তু দুই একজন ছাড়া মুক্তিযোদ্ধারা হাসপাতালে আসেন নি। আমি চাই এখন থেকে সাভারের সব মুক্তিযোদ্ধা ও তার পরিবার হাসপাতালে এসে বিনামূল্যে চিকিৎসা নেবেন।

তিনি বলেন, যারা বঙ্গবন্ধুর একটি আঙ্গুলের ইশারায় নিজের জীবন বাজি রেখেছেন তাদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব সময় ভাবেন। প্রধানমন্ত্রীর অবদানে মুক্তিযোদ্ধাদের জন্য সাভার মডেল মসজিদের পিছনে নির্মান হচ্ছে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স।

সেখানে মুক্তিযোদ্ধারা আরও সুন্দরভাবে জীবন যাপন করতে পারবেন। এছাড়া সারা দেশে নির্মান করা হচ্ছে বীর নিবাস। যেখানে মুক্তিযোদ্ধারা শান্তিতে বসবাস করবেন।

তিনি আরো বলেন, মুক্তিযোদ্ধা আমির মোল্লা যখন মুক্তিযুদ্ধের কথা বলছিলেন আমি তন্ময় হয়ে শুনেছি।

আমার মনে হয়েছে আমি মুক্তিযুদ্ধের সেসময়ে ফিরে গিয়েছি। তার বক্তব্যে আমি দেশের প্রতি যে টান যে ভালোবাসা দেখেছি সে ভালবাসা এখন পাওয়া যায়না।

তাদের আমরা সম্মান জানাই। আগামী অনুষ্ঠানগুলোতে সম্মানিত মুক্তিযোদ্ধাদের নিয়মিতভাবে দাওয়াত দেয়ার অনুরোধ করছি। বিভিন্ন আয়োজনে তাদের কথা শুনে অনেকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হবেন।

জাতীয় শ্লোগান সম্পর্কে তিনি বলেন, মুক্তিযুদ্ধের সময় থেকে জয় বাংলা শ্লোগান চলমান রয়েছে। এর একটু পরে জয় বঙ্গবন্ধু শ্লোগান যোগ হয়।

কিন্তু সবাই এই শ্লোগান দিতে পারতেন না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাইকোর্টের রায়ের মাধ্যমে জয় বাংলা শ্লোগান জাতীয় শ্লোগান হিসাবে রূপ দিয়েছেন। এখন ভাল লাগে যে সরকারি কর্মকর্তারাও জয় বাংলা শ্লোগান দিতে পারেন। তারা এখন এই শ্লোগান দিচ্ছেন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আলহাজ্জ মোঃ আমির হোসেন মোল্লা বলেন,

আমি বিরুলিয়া ইউনিয়নের সন্তান না হলেও আমি বিরুলিয়াতে অনেকগুলো সম্মুখযুদ্ধে অংশ নিয়েছি। বিরুলিয়ার মানুষ আমাদের আশ্রয় দিয়েছিল। বিরুলিয়ার প্রতি আমার আলাদা টান থাকে সবসময়।

ঢাকা ১৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আগা খান মিন্টু বলেন, ৭০ জন মুক্তিযোদ্ধা নিয়ে আমরা বিরুলিয়ার বিভিন্ন বাড়িতে আশ্রয় নেই।

সেখান থেকে আমরা সম্মুখ যুদ্ধে অংশ নেই। আজ সেই মুক্তিযোদ্ধাদের সংবর্ধণা দেওয়া হয়েছে। এতে আমি গর্বিত। অতিতে বিরুলিয়ায় এমন আয়োজন করা হয় নি। এধরনের আয়োজন করায় আয়োজকে ধন্যবাদ জানান তিনি।

অনুষ্ঠান শেষে বিরুলিয়ার ১৫ জন বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধণা দেওয়া হয়। এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা ১৬ আসনের সংসদ সদস্য মোঃ ইলিয়াস উদ্দিন মোল্লা, সাভার উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব,

সাভারের ইউএনও মোঃ মাজহারুল ইসলাম, সাভার উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আমির হোসেন কামাল, বিরুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হালিম মোক্তার প্রমুখ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ