নিজস্ব প্রতিবেদক :
ঢাকার সাভারে ক্ষমতার দাপটে কোন প্রকার আইনগত কাগজ পত্র ছাড়াই প্রায় ১৭ বছর ধরে আওয়ামী লীগ নেতার জমি দখল করে স্থাপনা নির্মান করেছেন বিএনপি নেতা সোহরাব উদ্দিন ভুলু।
তিনি স্থাপনা নির্মান করে ভাড়া দিয়েছেন। আদালতের রায় পেলেও ওই আওয়ামী নেতাই যেন অসহায়।

খোঁজ নিয়ে জানা যায়, সাভারের ফুলবাড়িয়া এলাকার খিদ্রগতি মৌজার ওয়ারিশ সূত্রে প্রায় ৩২ শতাংশ জমি পান তেঁতুলঝোড়া ইউনিয়ন আওয়ামী লীগের ২ নং ওয়ার্ডের সভাপতি জগদীশ চন্দ্র ধর ও রনি ধর।
যার আরএস খতিয়ান নং ৩৯, আরএস দাগ নং- ১১৬, ১৪৩, ১৪৪, ১৪৬, ১৫৫, ১৪৭, সিএসও এসএ দাগ নং ৬, ৭, ৫, ৯৬, ৭১, ৫, ৪। এই ৩২ শতাংশ জমিই দখল করে রেখেছেন বিএনপি নেতা ও অস্ত্র মামলার আসামি সোহরাব উদ্দিন ভুলু।

ভুক্তভোগী আওয়ামী লীগ নেতা হলে জগদীশ চন্দ্র ধর। তিনি তেঁতুলঝোড়া ইউনিয়নের ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করে আসছেন।
২০০৫ সালে সাভার ব্যাংককলোনী এলাকার মানিক হোসেন ফরাজী জগদীশ ও রনি ধরের নিকট থেকে এই জমিটি বায়না দলিল করেন। পরে তার কাছ থেকেই বায়না থেকে বায়না নামা দলিল করেন সোরহাব উদ্দিন ভুলু ।
যা বিধি মোতাবেক আইনন পরিপন্থী। এই বায়না দলিলের বলে ভুলু স্থাপনা নির্মান করে ভাড়া দেন। জমির মূল মালিক জগদীম চন্দ্র ধর ও রনি ধর বিভিন্ন সময় জমি রেজিষ্ট্রেশন করে দিতে চাইলে তিনি তালবাহানা শুরু করেন।
পরবর্তীতে ২০০৮ সালে জমি ফিরে পেতে আদালতে মামলা দায়ের করেন জগদীশ চন্দ্র ধর ও রনি ধর। প্রায় ৮ বছর পর ২০১৬ সালে মুল মালিক রনি ধর ও জগদীশ চন্দ্রধরকে জমি ফেরত দেওয়ার আদেশ দেন আদালত । তবে আদালতের আদেশ অমান্য করে বিএনপি নেতা সোহরাব উদ্দিন ভুলু তার দখল রাজত্ব চলমান রেখেছেন।
এ ব্যাপারে জমির বর্তমান সত্ত্বাধিকারী জগদীশ চন্দ্র ধর বলেন, আজ থেকে ১৭ বছর আগে আমাদেরই পূর্ব পুরুষের জমি ওয়ারিশ সূত্রে আমরা বায়না দলিল করে দেই সাভার ব্যাংককলোনী এলাকার মানিক হোসেন ফরাজীকে।
তার কাছ থেকে নাকি ওই বিএনপি নেতা সোহরাব উদ্দিন ভুলু জমিটি নিয়েছেন বায়না মূলে। আমাদের কাছ থেকে রেজিষ্ট্রেশন করেই নেয় নি মানিক হোসেন ফরাজি। তাকে বার বার তাগিদ দিলেও রেজিষ্ট্রেশন করে নেন নি।
পরবর্তীতে এসে ওই জমির মালিক বনে যান ভুলু। আমরা তার শক্তির কাছে অসহায় হয়ে ১৪৫ ধারায় আদালতে মামলা দায়ের করি। রায় আমরাই পাই। কিন্তু ওই জমিতে আমাদের ভুলু নামতে দেয় না। তারা নানাভাবে আমাদের হুমকি ধামকি দিচ্ছেন।
জমির অপর মালিক রনি ধর বলেন, জমি তো আমাদের। আমরা সংখ্যালঘু হওয়ায় আমাদের লোকবল কম, আর্থিক অবস্থাও ভাল না। তাই ক্ষমতা দেখিয়ে ভুলু আমাদের জমি দখল করে নিয়েছে। আমরা আমাদের জমি ফেরত চাই।
এব্যাপারে অভিযুক্ত ভুলু বলেন, এই জমি ১৭ বছর আগে ১২ লাখ টাকা বায়না দিয়ে নিয়েছি মানিক হোসেন ফরাজীর কাছ থেকে । পরবর্তীতে জগদীশ ধরকে বার বার রেজিষ্ট্রেশন করে দিতে বললেও তিনি দেনি।
তারা পরিকল্পনা করে শুধু বায়না দলিলের মধ্যে সীমাবদ্ধ ছিল। যেন পরবর্তীতে জমি ফিরে পাওয়া যায়। তারা যদি ওই জমি ফেরত চায় তাহলে ১৭ বছর আগে ১২ লাখ দিয়েছি তার বর্তমান মূল্য আমাকে দিতে হবে।
তারা টাকা ফেরত না দিয়ে সংখ্যালঘুর দোহাই দিয়ে জমি চাচ্ছেন। এটাতো অন্যায়, আইন তো সবার জন্য সমান।
আইনে যা রায় হয় তাই মাথা পেতে নেবো। জমিটি নিয়ে উচ্চ আদালতে আমরাও মামলা করবো । এই মামলার রায় যা হবে আমি তাই মেনে নেবো।
তেঁতুলঝোড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহ-আলম বলেন, বিষয়টি আমি জানি, তাকে ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষ থেকে সহযোগিতা করা হবে। বিষয়টি নিয়ে শীগ্রই আমি তার সাথে কথা বলবো।