সাভার প্রতিনিধি :
সাভারে বাইসাইকেল উদ্ধার করে মিজানুর রহমান (৩৫) নামের এক চোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
বুধবার (১৪ জুন) বিকেলে এসব তথ্য নিশ্চিত করেছেন সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সুদীপ কুমার গোপ। এর আগে আজ দুপুরে গ্রেপ্তার আসামিকে আদালতে পাঠানো হয়। ভুক্তভোগীরা হলেন- সুনামগঞ্জ জেলার সাল্লা থানার শ্রীহাইল সাহেববাড়ি গ্রামের বাসিন্দা চৌধুরী মোঃ সাইফুদ্দিন। তিনিও সাভারের ব্যাংক কলোনী এলাকার ছাপড়া মসজিদ সংলগ্ন নুরুল ইসলামের বাড়ির ভাড়াটিয়া।
গ্রেপ্তার মিজানুর রহমান সাভারের ব্যাংক কলোনী এলাকার ছাপড়া মসজিদ সংলগ্ন নুরুল ইসলামের বাড়ির ভাড়াটিয়া। তার বিস্তারিত তথ্য জানা যায় নি।
মামলার এজাহার থেকে জানা যায়, একই বাড়ির ভাড়াটিয়া চৌধুরী মোঃ সাইফুদ্দিন (৫০) নামের এক ব্যক্তির ছেলে ওয়াজদি আহমেদ চৌধুরীর ১১ হাজার টাকা মূল্যের একটি বাইসাইকেল ভাড়া বাসা থেকে চুরি হয়। পরে গত ১০ মে থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী। পরে অভিযান পরিচালনা করে বাইসাইকেলটি উদ্ধার করে চোরকে গ্রেপ্তার করা হয়।
এব্যাপারে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সুদীপ কুমার গোপ বলেন, মামলা হওয়ার পর বিষয়টি মামলা আমলে নিয়ে আমরা তদন্ত শুরু করি। পরে অভিযান পরিচালনা করে বাইসাইকেলটি উদ্ধার করে চোরকে গ্রেপ্তার করতে সক্ষম হই। তিনি আরও বলেন, যে কোন ঘটনা আমরা দ্রুত আমলে নিয়ে কাজ শুরু করি। আর তা ১১ হাজার টাকা মূল্যের বাইসাইকেল হোক বা বেশি মূল্যের হোক।