নিজস্ব প্রতিবেদক :
মোবাইল ফোন ঠিক করা নিয়ে সাভারের রাজ্জাক প্লাজায় ব্যবসায়ীদের সাথে জাহাঙ্গীরগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এ ঘটনায় আহত শিক্ষার্থীসহ উভয় পক্ষের ৭ জন। এদের ভেতর দুই শিক্ষার্থী গুরুত্বর আহত হওয়ায় তাদের সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে৷
মঙ্গলবার (১৩ জুন) বিকেলে ঢাকা-আরিচা মহাসড়কে পাশে রাজ্জাক প্লাজার তৃতীয় তলায় এ ঘটনা ঘটে। এরপর থেকে মার্কেটটি বন্ধ করে দেওয়া হয়।
আহত দুই শিক্ষার্থী হলেন-পরিসংখ্যান বিভাগের ৫১ ব্যাচের শিক্ষার্থী রাশেদ, বাংলা বিভাগের ৫১ ব্যাচের শিক্ষার্থী জুবায়ের।
ব্যবসায়ীরা জানায়, গত দুই দিন আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৫১ ব্যাচ এক নারী শিক্ষার্থীর মোবাইল ফোন ঠিক করা হয় সিয়াম টেলিকম নামের এক দোকানে। ফোনটির আঠা ছুটে গেলে আজ আবার শিক্ষার্থীরা আসে সেই দোকানে।
সেখানে দোকানদার ও শিক্ষার্থীর ভেতরে কথা কাটাকাটি এক পর্যায়ে মারামারি হয়। পরে সেই শিক্ষার্থী চলে গিয়ে আরও শিক্ষার্থীদের নিয়ে আসলে মার্কেটের সকল ব্যবসায়ী তখন নেমে গিয়ে তাদের হামলার প্রতিরোধ করে। এখন মার্কেট বন্ধ আছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন, পুলিশ ও মার্কেটের নেতারা বিষয়টি নিয়ে সমাধানের চেষ্টা করছে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পরিসংখ্যান বিভাগের ৫১ ব্যাচের শিক্ষার্থী সোহেব বাংলানিউজকে বলেন, আমাদের এক বান্ধবীর ফোনের প্রোটেকটর গ্লাস লাগাতে দেয় গত পরশু।
তখন ফোনটি নিয়ে দীর্ঘ সময় পর একটি গোডাউনে গিয়ে ফোনটি প্রোটেকটর গ্লাস লাগিয়ে আনে মেকানিক। এরপর সেই শিক্ষার্থী ফোন নিয়ে হলে চলে এসে দেখে ফোনের পেছনে নতুন আঠা দেওয়া ও ফোনের ক্যামেরা ঘোলা।
তো স্বাভাবিকভাবে ৯০ হাজার টাকার ফোনের ক্যামেরা ভালো থাকার কথা। তখন সেই শিক্ষার্থীর সন্দেহ হওয়ায় দোকানে গিয়ে বিষয়টি জানালে মেকানিক দোকানদার তাদের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে ধাক্কা ধাক্কি করে।
পরে বিষয়টি জেনে ক্যম্পাসের বাকি শিক্ষার্থীরা মার্কেটটিতে গেলে মার্কেটের সব পথ বন্ধ করে দিয়ে আমাদের উপর হামলা চালায়। এতে আমাদের দুই শিক্ষার্থী আহত হয়ে এনাম মেডিকেল হাসপাতালে ভর্তি আছে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পক্টর আ স ম ফিরোজ-উল-হাসান বলেন, আমরা ঘটনাটি শুনে সরাসরি মার্কেটে এসেছি। এখানকার পরিস্থিতি দেখছি। ব্যবসায়ীদের সাথে কথা বলে বিষয়টি সমাধান করার চেষ্টা করছি৷
রাজ্জাক প্লাজার মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হিমু বলেন, ঘটনার পর পর পুলিশ, বিশ্ববিদ্যালয় প্রশাসন এখানে এসেছে। আমরা মার্কেটের ব্যবসায়ীরা তাদের নিয়ে বসেছি। বিষয়টি নিয়ে আলোচনা করে একটি সিদ্ধান্তে আসা যাবে।
সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) দীপক চন্দ্র শাহ বলেন, ঘটনাটি ঘটার খবর পেয়ে আমরা এখানে আসি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
বিশ্ববিদ্যালয়ের পক্টরসহ সবাই এখানে এসেছে। আলোচনা করে সমাধানে আনার চেষ্টা চলছে৷ রাজ্জাক প্লাজার ব্যবসায়ীরা জানান, রাত ১২ টার দিকে সাভার মডেল থানায় বসে দুই পক্ষ আমরা সুষ্ঠু সমাধানে এসেছি।
আহত ছাত্রদের চিকিৎসার ব্যয়ভার আমরা বহন করবো। এবং আগামীতে যেন এই রকম কোন ঘটনা না ঘটে সেই বিষয়ে কঠোর নজরদারি রাখবো।