সাভার প্রতিনিধি :
ঢাকার সাভার ও আশুলিয়ায় পৃথক অভিযানে বিপুল পরিমান ইয়াবা, গাঁজা ও হেরোইনসহ ৮ জন মাদক কারবারিকে আটক করেছে র্যাব-৪ এর সদস্যরা৷ এসব অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেল ও ট্রাক জব্দ করা হয়েছে৷

বুধবার (০৯ আগস্ট) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন র্যাব-৪ সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার রাকিব মাহমুদ খান।
এরআগে, আজ ভোরে ঢাকা জেলার আশুলিয়া এবং সাভার মডেল এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে ৪,৭০০ পিস ইয়াবা, ৫৬.৭৯০ কেজি গাঁজা, ১২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৪৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
র্যাব-৪ জানায়, সন্ত্রাস ও জঙ্গীবাদ নির্মূলের পাশাপাশি মাদকদ্রব্য উদ্ধার ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ নেশার মরণ ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষা করার জন্য র্যাবের জোড়ালো তৎপরতা অব্যাহত আছে। এরই ধারাবাহিকতায় আজ ভোরে একটি আভিযানিক দল ঢাকা জেলার আশুলিয়া এবং সাভার মডেল এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে ৪,৭০০ পিস ইয়াবা, ৫৬.৭৯০ কেজি গাঁজা, ১২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৪৫ গ্রাম হেরোইন এবং মাদক পরিবহনে ব্যবহৃত মোটর সাইকেল ও ট্রাকসহ ০৮ জন মাদক কারবারিকে আটক করে৷
র্যব আরও জানায়, আশুলিয়ার বাইপাইল থেকে ৪,৭০০ পিস ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবেলটসহ মোঃ গোলাম মোস্তফা (৩০), মোঃ মিনহাজুর রহমান (৩২) ও মোঃ জাহিদ হাসান (৩৫) আটক করা হয়।
এদিকে সাভার মডেল থানাধীন শাহীবাগ এলাকা থেকে ৪৫ গ্রাম হেরোইনসহ মোঃ রুবেল (২৬), মোঃ ওবাইদুল ইসলাম ওরুফে মাহী (২২) ও মোঃ আব্দুল গফুর ওরুফে শাওন (৩৮)কে আটক করা হয়।
অন্যদিকে আশুলিয়া থানাধীন শ্রীপুর এলাকা থেকে ৫৬.৭৯ কেজি গাঁজাসহ মোঃ আসাদুজ্জামান (২১) ও মোঃ রিপন (২৭) কে আটক করা হয়।
র্যাব-৪ সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার রাকিব মাহমুদ খান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আটকরা দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন স্থান হতে অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করে ঢাকা জেলার সাভার, ধামরাই, আশুলিয়াসহ নিকটবর্তী বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের কাছে বিক্রয় করে আসছিলো। উপরোক্ত বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।