শেরপুর প্রতিনিধিঃ
শেরপুরের নালিতাবাড়ীতে খড় বোঝাই চলন্ত ট্রাকের ছাদে বসে আসার পথে রাস্তায় বিদ্যুতের তারে জড়িয়ে মারা গেছে ট্রাকের হেলপার (২৫)। রোববার ২৮ জুন রাত ৯ টার দিকে নালিতাবাড়ী-হালুয়াঘাট রোডের নালিতাবাড়ীস্থ শেহড়াতলী চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, শেহড়াতলী এলাকার জনৈক কৃষকের কাছ থেকে খড় ক্রয় করে ট্রাকে বোঝাইয়ের পর রাত পৌণে ৯টার দিকে গন্তব্যে যাওয়ার জন্য নালিতাবাড়ীর শহরের দিকে আসছিল ঢাকা মেট্রো ট-১৪-৯৪১৪ নং একটি ট্রাক। এসময় ট্রাকের হেলপার ছাদে বোঝাই করা খড়ের উপর বসা ছিল। পথিমধ্যে শেহড়াতলী চৌরাস্তা মোড়ে এলে রাস্তার উপরে আড়াআড়ি ভাবে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে সঙ্গে সঙ্গেই ট্রাক হেলপারের মৃত্যু হয়। বিষয়টি টের পেয়ে তাৎক্ষণিক পালিয়ে যায় ট্রাক চালক।
নিহত ট্রাক হেলপার ও পলাতক ট্রাক চালকের পরিচয় পাওয়া যায়নি। এদিকে ঘটনার পরপরই থানা পুলিশ নিহতের লাশ ও ট্রাক থানায় নিয়ে আসে।