মোঃ হৃদয় হোসেন লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি:
লক্ষ্মীপুরে টাকা লেনদেন মামলায় মাইন উদ্দিন (৪০) নামে এক কারাবন্দির মৃত্যু হয়েছে। বুধবার (১৫ জুলাই) দুপুরে জেলা কারাগারের মসজিদে জোহরের আজান দিতে গিয়ে তিনি হঠাৎ অচেতন হয়ে পড়েন। তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
লক্ষ্মীপুর জেলা কারাগারের জেলার সাখাওয়াত হোসেন জানান,
আজান দিতে গিয়ে হঠাৎ মাইন উদ্দিন অচেতন হয়ে পড়ে যান। পরে সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই তার মরদেহ হস্তান্তর করা হয়।
জেলা কারাগার সূত্র জানায়, টাকা লেনদেন মামলায় মাইন উদ্দিনের এক বছরের কারাদণ্ড দেন আদালত। গত ১৮ ফেব্রুয়ারি থেকে তিনি কারাবন্দি ছিলেন। মাইন উদ্দিন রামগতি উপজেলার বালুরচর গ্রামের মৃত ইউনুছ মিয়ার ছেলে।