আজ ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে এপ্রিল, ২০২৬ ইং

রাবির নেপালি ছাত্র করোনায় আক্রান্ত

 

রাবি প্রতিনিধি, তানভীর অর্ণব : 

 

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অধ্যয়নরত এক নেপালী শিক্ষার্থী করোনায় আক্রান্ত হয়েছেন। গতকাল শনিবার করোনা পরীক্ষায় তার ফল ‘পজিটিভ’ আসে।

বর্তমানে তিনি রাজশাহী নগরীর খ্রিস্টান মিশন হাসপাতালের আইসোলেশনে আছেন। তার আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ‘শহীদ মীর আব্দুল কাইয়ূম ইন্টারন্যাশনাল ডরমিটরি’র ওয়ার্ডেন অধ্যাপক ড. আসাদুল ইসলাম।

তিনি বলেন, ওই শিক্ষার্থীর শরীরে করোনার কোনো লক্ষণ ছিল না। তিনি দেশে ফিরে যাওয়ার জন্য নেপাল দূতাবাসে যোগাযোগ করেন। দূতাবাস থেকে তাকে করোনা পরীক্ষা করার জন্য বলা হয়। শুক্রবার তার নমুনা পরীক্ষায় ‘পজিটিভ’ আসে। তাকে হাসপাতালের আইসোলেশনে রাখা হয়েছে। বর্তমানে শারীরিক অবস্থা স্বাভাবিক আছে।

করোনা আক্রান্ত ওই শিক্ষার্থীর নাম অভিষেক কুমার সাহা। তিনি বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র।

ডরমিটরির তথ্য মতে, করোনার কারণে অনেক শিক্ষার্থী বাড়িতে আছেন। কিছু বিদেশি শিক্ষার্থী নিজ দেশে ফিরে গেছেন। বর্তমানে ডরমিটরিতে দেশি-বিদেশি মিলে ৩২জন শিক্ষার্থী ও গবেষক আছেন।

ডরমিটরির ওয়ার্ডেন আরো জানান, বর্তমানে ডরমিটরির দ্বিতীয় তলায় মাত্র ২জন নেপালি ছাত্র ছিল। একজন আক্রান্ত হয়ে হাসপাতালে আছেন, অন্যজনকে তার কক্ষে অবস্থান করার জন্য নির্দেশ দিয়েছি। তার যাবতীয় প্রয়োজনে আমাদের সঙ্গে যোগাযোগ করতে বলেছি। এছাড়া তার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। অন্যান্য বিদেশি শিক্ষার্থীদের ব্যাপারে প্রশাসনের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ