আজ ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ ইং

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক :

সিরাজগঞ্জ শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব শতবর্ষ’-এর সমাপনী উপলক্ষ্যে চার দিনব্যাপী বিতর্ক প্রতিযোগিতা শুরু হয়েছে। রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির উদ্যোগে বিতর্ক প্রতিযোগিতা বরিবার(২০মার্চ) সকালে শুরু হয়।

এ প্রতিযোগিতা ভার্চুয়াল মাধ্যমে উপস্থিত থেকে উদ্বোধন করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শাহ্ আজম। অনুষ্ঠানের আয়োজকদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন,

এ বিতর্ক প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা আন্তর্জাতিক পরিমন্ডলে অবদান রাখতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর।

উক্ত প্রতিযোগিতা আন্তঃস্কুল (৮ম-১০ শ্রেণি), আন্তঃকলেজ (১১শ-১২শ শ্রেণি) ও আন্তঃবিভাগ (রবীন্দ্র বিশ্ববিদ্যালয়) পর্বে বিভক্ত। রবিবার আন্তঃস্কুল পর্বে ‘নারীর ক্ষমতায়নই যৌতুক প্রতিরোধের মূল শক্তি’ শীর্ষক বিষয়ে প্রথম প্রতিযোগিতায় পক্ষদলে বি. এল. সরকারি উচ্চ বিদ্যালয় ও বিপক্ষ দলে শাহজাদপুর ইব্রাহিম পাইলট উচ্চ বিদ্যালয় অংশ নিয়ে,

শাহজাদপুর ইব্রাহিম পাইলট উচ্চ বিদ্যালয় জয়ী হয়। পরবর্তীতে ‘স্মার্টফোন নতুন প্রজন্মের অভিশাপ নয়, আশীর্বাদ’ বিষয়ে সোহাগপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও জ্ঞানদায়িনী উচ্চ বিদ্যালয় অংশ নিয়ে সোহাগপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় জয়ী হয়।

‘শিল্পায়ন কৃষিকে হুমকির মুখে ঠেলে দিচ্ছে’ শীর্ষক বিষয়ে পক্ষদলে রায়গঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় ও বিপক্ষ দলে ছাইফ উদ্দিন এহিয়া উচ্চ বিদ্যালয় অংশ নিয়ে রায়গঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় জয়লাভ করে।

এছাড়াও ‘সামাজিক দৃষ্টিভঙ্গিই নারী ক্ষমতায়নের প্রধান অন্তরায়’ শীর্ষক বিষয়ে পক্ষদল রংধনু মডেল স্কুল ও বিপক্ষদল প্রভাকর বিদ্যানিকেতন অংশ নেয় এবং রংধনু মডেল স্কুল জয়লাভ করে।

বিতর্ক প্রতিযোগিতাটি সার্বিক তত্ত্ববধান করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির প্রধান উপদেষ্টা ও মডারেটর শারমিন সুলতানা। এছাড়াও প্রতিযোগিতায় মডারেটর হিসেবে ছিলেন ড. তানভীর আহমেদ সিডনী, আরিফুল ইসলাম ও রিফাত-উর-রহমান।

বিচারকমন্ডলীতে ছিলেন জাবেদ ইকবাল, নজরুল ইসলাম, পিংকি রানী দে, বিজন কুমার, আজিম উদ্দিন, মলিনা খাতুন, বরুণ চন্দ্র রয়, খাইরুন্নিসা ঝিলিক ও প্রশান্ত কুমার পোদ্দার। আগামী ২১ মার্চ কলেজ পর্যায় ও ২২ ও ২৩ মার্চ আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ