নিজস্ব প্রতিবেদক :
বৈশ্বিক মহামারী করোনার মধ্যে বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার পৌরসভার উত্তর বাজার ঈদগাহ সংলগ্ন এলাকার ওয়াকফ সম্পত্তির ১১ শতাংশ জমি রাতের আধারে দখল করে ভূমিদস্যু স্বামী-স্ত্রী বহুতল ভবন নির্মাণ করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। জাল দলিলের মাধ্যমে স্থানীয় প্রভাবশালী খালেকুজ্জামান ও তার স্ত্রী হাসিনা বেগম ওই জমি দখল করেছে। ওই সম্পত্তি দখল মুক্ত করতে পুলিশ সুপার থেকে শুরু করে ইউএনও ববরাবর আবেদন করেছেন আবুল হোসেন মিয়া। কিন্তু তাতেও কোন প্রতিকার মিলছে না।
আবুল হোসেন জানান, পৌরসভার চরহোগলা মৌজার ৬৪৯নং খতিয়ানের ১০টি দাগে ৮ দশমিক ৩৯ শতাংশ জমি তার দাদা আব্দুর রাজ্জাক মিয়া ও মা মকিমুন্নেছা ওয়াকফ স্টেট দলিল করেন। বর্তমানে ওই ওয়াকফ স্টেটের মোতায়াল্লির দায়িত্বে রয়েছেন একে সামছুদ্দিন নাসির মিয়া। খালেকুজ্জামান ও তার স্ত্রী হাসিনা বেগম ভূয়া লোককে জমির মালিকানা বানিয়ে ওই সম্পত্তির ১১ শতাংশ জমির জাল দলিল করেন। ওই জাল দলিলের মাধ্যমে সম্পত্তি ভোগ দখল করতে গেলে তাদেরকে বাধা দেয়া হয়। বাধা না মানায় ২০১৯ সালে তাদের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়। এরপর আদালতের বিচারক বিবাদীদের বিরুদ্ধে নোটিশ করেন। কিন্তু ভূমিদস্যু খালেকুজ্জামান ও তার স্ত্রী হাসিনা বেগম ওই নোটিশের কোন জবাব দেননি। বর্তমানে মামলাটি বিচারাধীন রয়েছে। মহামারী করোনার মধ্যে আদালত বন্ধ থাকার সুযোগে গত ১৮ মে থেকে ভূমিদস্যু স্বামী-স্ত্রী ওই সম্মত্তিতে বহুতল ভবন নির্মাণ কাজ শুরু করেন। বাধা দিলে আমাদের বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করে। পরবর্তীতে এমপির প্রতিনিধিদের মাধ্যমে সালিশি বসলে ভূমিদুস্যরা তাদের পক্ষে কোন বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। এরপরও তারা দখল দারিত্ব থেকে সরে আসেনি। সন্ত্রাসী বাহিনী নিয়ে দিনরাত কাজ করে যাচ্ছে। দখলদারদের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহন করতে না পেরে ওই সালিশী বৈঠকে আমাকে আদালতের শরনাপন্ন হতে বলে। কিন্তু আদালত বন্ধ থাকায় আদালতে কোন অভিযোগ দাখিল করতে পারেনি। স্থানীয় পর্যায়ে থেকে তাদের কাজ বন্ধ করতে না পেরে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় আবেদন করেছি।
আবুল হোসেন আরো জানান, দীর্ঘদিন ধরে স্থানীয় প্রভাবশালী খালেকুজ্জামান ও তার স্ত্রী হাসিনা বেগম আমাদের জমি দখলে মরিয়া হয়ে ওঠে। বিষয়টি জানাজানি হলে তারা জাল দলিল তৈরী করে। কিন্তু আদালতে মামলার কারনে এতদিন তারা ওই জমি দখল করতে যেতে পারেনি। আদালত বন্ধ থাকার সুযোগে চারিদিকে টাকা ছড়িয়ে দিনরাত কাজ করে বহুতল ভবন নির্মাণ করে যাচ্ছে। তাদের বিরুদ্ধে স্থানীয় এমপিও কোন ব্যবস্থা গ্রহণ করতে পারছে না। এ কারনে আমাদের আইনের আশ্রয় নেয়ার জন্য বলা হয়েছে। এ ব্যাপারে মেহেন্দীগঞ্জ থানার ওসি আবিদুর রহমান বলেন, তিনি এ বিষয়ে কোন লিখিত অভিযোগ পাননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন। কিন্তু অভিযোগকারী জানিয়েছেন তারা ওসিকে অবহিত করলেও তিনি কোন আইনগত ব্যবস্থা গ্রহন না করায় তারা পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযুক্ত খালেকুজ্জামানের দাবি ক্রয়সূত্রে ওই জমির মালিক তারা। এখানে কোন জবরদখল করা হয়নি।