নিজস্ব প্রতিবেদক :
মারা যাওয়ার ৩৯ দিন পর অবশেষে সেই রানি স্থান করে নিয়েছে গিনেস বুক অফ ওয়ার্ল্ডে। গত ২ জুলাই গিনেস বুক অফ ওয়ার্ল্ডের কাছে শিকড় এগ্রো কতৃপক্ষ রানীকে বিশ্বের সব চেয়ে ছোট গরু দাবি করে আবেদন করার পর ব্যাপকভাবে প্রচার হয় দেশি তথা বিশ্ব মিডিয়ায়।
কিন্তু গত ১৯ আগস্ট হঠাৎ ঘটে যায় অনাকাঙ্ক্ষিত ঘটনা। অসুস্থ হয়ে মারা যায় রানি। তবে অবশেষে গিনেজ বুকে ঠাঁই হয়েছে বিশ্বের এই সব চাইতে ছোট গরুর।
সোমবার (২৭ সেপ্টেম্বর) রাতে সাভারে চারিগ্রাম এলাকার শিকড় এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালক কাজী মো. আবু সুফিয়ান এসব তথ্য নিশ্চিত করেছেন।
আবু সুফিয়ান বলেন, (২৭ সেপ্টেম্বর) বিকেল ৪ টার দিকে গিনেস বুক অফ ওয়ার্ল্ড কর্তৃপক্ষ রানির গিনেজ বুকে স্থান পাওয়ার খবর নিশ্চিত করে ই-মেইল পাঠিয়েছেন। তবে গত তিন দিন আগে রানিকে বিশ্বের সবচেয়ে ছোট গরুর স্বীকৃতি দিয়েছেন তারা।
তিনি আরও বলেন, গিনেস বুক কতৃপক্ষ নিয়ম মেনেই রানিকে বিশ্বের সবচেয়ে ছোট গরুর স্বীকৃতি দিয়েছেন। রানির পোস্টমর্টেম রিপোর্টে তারা শুধু দেখেছেন হরমোন জাতীয় ইনজেকশন পুশ করে রানিকে বামন করা হয়েছিল কি না? তবে আশার কথা হলো রিপোর্টে এমন কিছুই পায়নি তারা।
অবশেষে রানিকে বিশ্বের সবচেয়ে ছোট গরুর স্থান দিয়েছেন। তবে আক্ষেপের বিষয় হলো স্বীকৃতি পাওয়ার আগেই রানি মারা গেল।
উল্লেখ্য, প্রায় ১ বছর আগে নওগাঁ জেলা থেকে গরুটি সংগ্রহ করে গত ২ জুলাই গিনেস বুক অফ ওয়ার্ল্ড কর্তৃপক্ষের কাছে আবেদন করেন ফার্ম কতৃপক্ষ।
এই বক্সার ভুট্টি জাতের খর্বাকৃতির গরুটির ওজন ২৬ কেজি আর উচ্চতা ২০ ইঞ্চি, দুটি দাঁতও ছিল। গরুটির বয়স হয়েছিল ২ বছর। গিনেজ বুকে এর আগের রেকর্ড অনুযায়ী বিশ্বের সর্বকনিষ্ঠ গরুটি ছিল ভারতের কেরালা রাজ্যের। ৪ বছর বয়সী ওই গরুটি উচ্চতায় ২৪ ইঞ্চি, আর ওজন ৪০ কেজি।