নিজস্ব প্রতিবেদক :
ঢাকার আশুলিয়ায় চাঁদাবাজি মামলা দিয়ে হাজতে ঢুকিয়ে বাড়ি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন জাহিদ হাসান নামের এক সাবেক ছাত্রনেতা।
রবিবার (০৫ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে সাভারের থানা রোডের বিসমিল্লাহ্ টাওয়ারের লন্ডনাস রেস্টুরেন্টে এই সংবাদ সম্মেলন করেন তিনি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য জাহিদ হাসান বলেন, আমি ২০০৭ সালে ৬.৪৩ শতাংশ জমি আশুলিয়ার জামগড়া উত্তরপাড়া এলাকায় ডাক্তার কবির চৌধুরীর নিকট থেকে ক্রয় করি। সেখানে আমি ৬ টি কক্ষ নির্মান করে বসবাস করে আসছিলাম। চার থেকে ৫ মাস আগে ভূমিদস্যু জাহাঙ্গীর মোবাইল ফোনে ফোন করে আমার বাড়ি তার বলে দাবি করেন। তাকে তার কাগজপত্র নিয়ে দেখা করতে বলি। কিন্তু কোন কাগজপত্র নিয়ে না বসেই আমাকে নানা রকম হুমকি ধামকি দেন। অবশেষে আমাকে মিথ্যে চাঁদাবাজি মামলায় ফাঁসিয়ে হাজতে পাঠায় জাহাঙ্গীর। আমি ১৯ দিন পর জামিনে বের হয়ে শুনি জাহাঙ্গীর তার সাঙ্গ-পাঙ্গ নিয়ে দখল করেন।
জাহিদ হাসান বলেন, জামিনে বের হয়ে আমি আমার বাড়ির সামনে গেলে জাহাঙ্গীরের শ্বাশুড়ি ও স্ত্রী নাটকীয়ভাবে তাদের কাপড় ছিড়ে নিজের শরীর নিজেই খামচি মেরে আমার বিরুদ্ধে আবারও চাঁদাবাজি মামলা দায়ের করেন। এ মামলায় আমি আগাম জামিন নেই। ভূমিদস্যু জাহাঙ্গীর শুধু আমার না, একই কৌশলে আরও তিন জন হারুন, আনোয়ার ও আহসানুল হক রাজার বাড়ি দখল করেছেন। তবে জাহাঙ্গীরের বিরুদ্ধে থানায় একটি মামলাও হয় নি।
জাহাঙ্গীর তিন বছর আগেও স্থানীয় এক ব্যবসায়ীর ১০ হাজার টাকা বেতনের কর্মচারি ছিল। দুর্নীতির দায়ে সেখান থেকে চাকরি হারান তিনি। এর পর তিন বছরে কিভাবে তিনি দুই থেকে তিন টি বাড়ির মালিক হলেন। আমি প্রশাসনের কাছে আমার বাড়ি ফিরিয়ে পাওয়ার জন্য সহযোগিতা কামনা করছি। এর আগেও জাহাঙ্গীর আমার বাড়ি দখল করেছিল। কাগজপত্র দেখে তৎকালীন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আউয়াল তার কাছ থেকে বাড়িটি ফিরিয়ে নিয়ে দেন। বাড়িতে এখনও আমার নামেই পল্লিবিদ্যুতের মিটার চলমান আছে। আমি সাবেক ছাত্রনেতা হয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি কামনা করছি।
সংবাদ সম্মেলনে এসময় উপস্থিত ছিলেন সাভার ও আশুলিয়ার প্রিন্ট, অসলাইন ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।