আজ ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা আগস্ট, ২০২৬ ইং

মায়ের পক্ষ নেওয়ায় চাচাতো ভাইকে মারধরের অভিযোগ, ৩ জনের নামে মামলা

নওগাঁ প্রতিনিধি:

নওগাঁ সদর উপজেলার হাঁপানিয়া ইউনিয়নের কুমুরিয়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক নারী ও তার চাচাতো ভাইয়ের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত আবু রাইহান কবিরাজ বাদী হয়ে ৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৪-৫ জনকে আসামি করে নওগাঁ সদর মডেল থানায় মামলা দায়ের করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৯ জুলাই দুপুরে কুমুরিয়া মৌজার একটি জমি নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটে। ওই জমি নিয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত ও জেলা জজ আদালতে মামলা বিচারাধীন রয়েছে। অভিযোগে বলা হয়, ঘটনার দিন অভিযুক্তরা জমি দখলের উদ্দেশ্যে সেখানে গেলে বিলকিস আক্তার ও তার চাচাতো ভাই আবু রাইহান কবিরাজ বাধা দেন। এ সময় তাদের ওপর দেশীয় অস্ত্র, লোহার পাইপ ও রড দিয়ে হামলা চালানো হয়।

হামলায় আবু রাইহানের একটি দাঁত ভেঙে যায় এবং মাথায় আঘাতের কারণে বাম কানের পর্দা ফেটে রক্তক্ষরণ হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে। বিলকিস আক্তারকেও মারধর ও শ্বাসরোধের চেষ্টা করা হয় বলে অভিযোগ রয়েছে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

আহত আবু রাইহান কবিরাজ দাবি করেন, তার চাচির অনুরোধে ঘটনাস্থলে গেলে ৮০-১০০ জনের একটি দল তাকে ঘিরে মারধর করে। এতে তার দাঁত ভেঙে যায়, কানে গুরুতর আঘাত লাগে এবং সঙ্গে থাকা আইফোনটিও ভেঙে ফেলা হয়। তিনি ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।

তবে এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে জানান, আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালিয়ে যাচ্ছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ